অভয়নগর প্রতিনিধি: সর্বনিম্ন মূল মজুরি বিশ টাকা নির্ধারণ, নিয়োগপত্র-পরিচয়পত্র সার্ভিসবুক প্রদানসহ ১০ দফা দাবিতে আগামী ২৭ নভেম্বর রাত ১২টা ১মিনিট থেকে নৌযান শ্রমিকদের কর্মবিরতির ডাক দিয়েছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন।
বৃহস্পতিবার বিকেলে নওয়াপাড়ায় সংগঠনের কেন্দ্রীয় নেতা প্রয়াত দিদারুল হকের স্মরণ সভায় এ ঘোষণা দেন বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ও ট্রেড ইউনিয়ন সংঘের কেন্দ্রীয় সহ-সভাপতি শ্রমিকনেতা শাহ্ আলম ভূঁইয়া।
অভয়নগরে প্রয়াত শ্রমিক নেতা দিদারুল হকের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার স্মরণ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ ও বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশনের উদ্যোগে নওয়াপাড়া পুরাতন বাস স্ট্যান্ডে বিকেল ৪টায় ফেডারেশনের সহ-সভাপতি ও বাংলাদেশ জাহাজী শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক শ্রমিকনেতা বাহারুল ইসলাম বাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন তিনি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় সভাপতি কৃষকনেতা হাফিজুর রহমান ও ট্রেড ইউনিয়ন সংঘের কেন্দ্রীয় সহ-সভাপতি শ্রমিকনেতা নাজিউর রহমান নজরুল প্রমুখ।