নিজস্ব প্রতিবেদক: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‘দাম কমাও, জান বাঁচাও’ স্লোগানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা আগামী ২৮ মার্চ দেশব্যাপী আধাবেলা হরতাল সফল করতে শহরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ মার্চ) বিকেল চারটায় যশোর শহরের ঘোপ বাবলাতলা, নিউ মার্কেট খাজুরা বাস স্ট্যান্ড, দড়াটানা ভৈরব চত্বরের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ খেটে খাওয়া মানুষ আজ দিশেহারা। লুটেরা ব্যবসায়ীরা সিন্ডিকেট করে মানুষের পকেট কেটে নিচ্ছে। বর্তমান সরকারের কর্তাব্যক্তিদের বক্তব্যে ব্যবসায়ী সিন্ডিকেট আরও উৎসাহিত হচ্ছে।
বক্তারা আরও বলেন, অবিলম্বে চাল, ডাল, তেলসহ নিত্যপণ্যের দাম কমাতে হবে। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে দুর্নীতিমুক্ত টিসিবি এবং ন্যায্যমূল্যের দোকান চালু করতে হবে। মূল্যবৃদ্ধির হোতা লুটেরা ব্যবসায়ী সিন্ডিকেট ভেঙ্গে দিতে হবে। দরিদ্র মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালু করতে হবে। লুটপাট বন্ধ করতে হবে, মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে দিতে হবে।
এসময় সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিপিবির যশোর জেলা সভাপতি অ্যাড. আবুল হোসেন, অন্যতম নেতা মাহবুবুর রহমান মজনু, ওয়ার্কার্স পার্টির (মার্কসবাদী) নেতা নাজিম উদ্দিন, জিল্লুর রহমান ভিটু, বাসদের নেতা (মার্কসবাদী) হাসিনুর রহমান, বাসদ নেতা আলাউদ্দিন, ইউনাটেড কমিউনিস্ট লীগের পলাশ বিশ্বাস প্রমুখ।