নিজস্ব প্রতিবেদক
যুদ্ধাপরাধ মামলায় ৮ বছর পলাতক থাকার পর নড়াইলের রুহুল কুদ্দুস খান ওরফে গোলাম কুদ্দুস (৭৩) কে যশোর থেকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে (২০ জুন) পুলিশের এন্টিটেররিজম ইউনিটের সদস্যরা যশোর শহরতলীর ঝুমঝুমপুর বিসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
রুহুল কুদ্দুস খান ওরফে গোলাম কুদ্দুস নড়াইল সদর উপজেলার পেড়লী গ্রামের মৃত এমভি আসাদুজ্জামানের ছেলে।
নাম প্রকাশ না করার শর্তে এন্টিটেররিজম ইউনিটের এক সদস্য জানান, গ্রেফতার রুহুল কুদ্দস খানের বিরুদ্ধে ২০১৭ সালের ২৩ নভেম্বর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল-১।
এন্টিটেররিজম ইউনিটের মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার (ট্রেনিং) শিরিন আক্তার জাহান বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে ২০১৬ সালে রুহুল কুদ্দস খান ওরফে গোলাম কুদ্দসের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইবুন্যাল) আইন, ১৯৭৩ এর ৩ ধারায় মামলা করা হয়। ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল-১ ২০১৭ সালের ২৩ নভেম্বর আসামির অনুপস্থিতিতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। মামলা হওয়ার পর থেকেই আসামি আত্মগোপনে ছিলেন।
তিনি আরো বলেন, এন্টিটেররিজম ইউনিট গোয়েন্দা তথ্য সংগ্রহ করে আট বছর ধরে পলাতক থাকা রুহুল কুদ্দস খানকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
