নিজস্ব প্রতিবেদক
৫ আগস্ট সরকার পতনের পর লাখ টাকা চাঁদা দাবি করে যশোরে এক স্বর্ণের দোকান ভাংচুর ও লুটপাটের ঘটনায় থানায় মামলা হয়েছে। গত ১৫ নভেম্বর রাতে সদর উপজেলার তেঘরিয়া গ্রামের প্রকাশ চন্দ্র রক্ষিত বাদী হয়ে জাহিদুল ইসলাম নামে একজনের নামে কোতোয়ালি থানায় মামলাটি করেছেন। আসামি জাহিদুল ইসলাম একই এলাকার বড় মেঘলা গ্রামের মৃত অহেদ আলীর ছেলে।
প্রকাশ চন্দ্র মামলায় উল্লেখ করেছেন, সদর উপজেলার নতুনহাট বাজারে সৌরভ জুয়েলার্স নামে তার একটি স্বর্ণের দোকান রয়েছে।
দীর্ঘদিন ধরে সুনামের সাথে তিনি ওই দোকানে ব্যবসা করে আসছিলেন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বাদীর কাছে আসামি জাহিদুল ইসলাম তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। রাজি না হলে দোকান ভাংচুর ও লুটপাটের হুমকি দেয়া হয়। এরইমধ্যে নতুনহাট বাজারের কয়েকটি স্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তা-ব দেখে ওইদিন বিকেলে তিনি দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। রাত ৮টার দিকে বাদীর বাড়ির সামনে এসে জাহিদুলসহ তার সহযোগী আরো অনেকে পূর্বে দাবিকৃত চাঁদার টাকা চান। আর না দিলে দোকান ভেঙ্গে লুটপাটের পর পুড়িয়ে দেয়ার হুমকি দেয়। গভীর রাত ১২টা থেকে তিনটা পর্যন্ত জাহিদুলের নেতৃত্বে দোকানের সার্টারের তালা ভেঙ্গে ভিতরে থাকা সাড়ে ৮ ভরি স্বর্ণালংকার ও দুই কেজি রূপার গহনা লুটপাট করে নেয়। এর আগে ওইদিন বিকেল সাড়ে ৪টার দিকে বাদীর দোকানের পিছনে সোহেলের চায়ের দোকানের সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে জাহিদুল।
