বিনোদন ডেস্ক: আইনি ঝামেলায় কিছুটা স্বস্তি মিলল ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের যে মামলায় তাকে নিয়মিত হাজিরা দিতে হতো, সেখানে ছাড় পেয়েছেন তিনি। এখন থেকে আর সশরীরে আদালতে উপস্থিত হয়ে তাকে হাজিরা দিতে হবে না।
বৃহস্পতিবার (২ জুন) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক নজরুল ইসলামের আদলত পরীমণির শারীরিক অবস্থা বিবেচনা করে এ আদেশ দেন। এদিন সকালে অন্তঃসত্ত্বা অবস্থায় হাজিরা দেন নায়িকা।
বৃহস্পতিবার এ মামলার বাদী র্যাব-১ এর কর্মকর্তা মজিবর রহমানের সাক্ষ্যের জেরা করার জন্য দিন ধার্য ছিল। তাকে পরীমণির আইনজীবী জেরা করেছেন।
এর আগে গত ২৯ মার্চ শারীরিক অসুস্থতার কারণে আদালতে অনুপস্থিত ছিলেন পরীমণি। সেদিন বিশেষ জজ আদালত-১০ এর বিচারক নজরুল ইসলামের আদালত মামলার পরবর্তী তারিখ ১২ মে ধার্য করেন।
১২ মে আদালতে উপস্থিত হয়ে হাজিরা মওকুফের আবেদন করেন পরীমণি। তার ওই আবেদন গ্রহণ করেছেন আদালত। তাই এখন থেকে আর আদালতে গিয়ে হাজিরা দিতে হবে না তাকে।