নিজস্ব প্রতিবেদক
বিভিন্ন গণমাধ্যমে যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ ও সদস্য সচিব আনসারুল হক রানার বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলা যুবদল।
বুধবার প্রেস ক্লাব যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা অভিযোগ করেন, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে যুবদলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অপপ্রচার চালাচ্ছে। তিনি বলেন, বিগত সরকারের আমলে নানা নির্যাতন, হামলা ও মামলার মধ্য দিয়েও জেলা যুবদল দেশ ও জনগণের পাশে থেকে গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নিয়েছে।
তিনি আরও জানান, সরকার পরিবর্তনের পর কেন্দ্রীয় কমিটি যশোর জেলা যুবদলকে পুনর্গঠন করে। এতে আহ্বায়ক হিসেবে এম তমাল আহমেদ এবং সদস্য সচিব হিসেবে তাকে দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব গ্রহণের পর সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করার কাজ চলছে বলেও দাবি করেন তিনি।
আনসারুল হক রানা বলেন, সম্প্রতি ‘দৈনিক রুপালী বাংলাদেশ’ নামের একটি গণমাধ্যমে যুবদলের বিভিন্ন নেতাকর্মীর বিরুদ্ধে মাদক ও স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে সংবাদ প্রকাশ করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। একইসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করেও অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি দাবি করেন, এসব অপপ্রচারের পেছনে রয়েছে দলবিরোধী কিছু বহিষ্কৃত নেতাকর্মী ও তাদের সহযোগীরা। তাদের উদ্দেশ্য যুবদলের ঐক্য বিনষ্ট করা এবং বৃহত্তর রাজনৈতিক শক্তিকে ক্ষতিগ্রস্ত করা।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, “যুবদলের দায়িত্বশীল পদে থেকে এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রশ্নই ওঠে না। আমরা কখনো সংগঠনের নাম ব্যবহার করে ব্যক্তিগতভাবে লাভবান হইনি।” বরং দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকার কারণে তারা ব্যক্তিগত ও পারিবারিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
তিনি এসব মিথ্যা সংবাদের বিরুদ্ধে যথাযথ তদন্তের আহ্বান জানিয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ, যুগ্ম আহ্বায়ক কবির হোসেন বাবু, অধ্যাপক আমিনুর রহমান মধু, আরিফুল ইসলাম আরিফ, নগর যুবদলের সদস্য সচিব শেখ রবিউল ইসলাম রবি, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তানভীর রায়হান তুহিন,কামরুজ্জামান বিদ্যুৎ,শহিদুল ইসলাম মিলন, আনোয়ার পারভেজসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
