নিজস্ব প্রতিবেদক
অপরাধ দমন, তদন্ত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ হয়েছে যশোর জেলা পুলিশ। একই সাথে যশোরের পুলিশ সুপারসহ ৬ পুলিশ কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়েছে ।
খুলনার রেঞ্জ পুলিশ কার্যালয়ে শনিবার সকালে ডিআইজি মঈনুল হকের সভাপতিত্বে মার্চ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় খুলনা রেঞ্জের ডিআইজি গত জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ/২০২২ মাসে প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান করেন।
গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে তদন্ত ও অপরাধ দমন কর্মকাণ্ড পর্যালোচনায় খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ জেলা নির্বাচিত হয় যশোর জেলা। একই সাথে শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসাবে মনোনীত হওয়ায় ডিআইজি কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার।
এছাড়াও যশোর জেলার আরো ছয় পুলিশ কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়। পুরস্কার প্রাপ্ত অফিসাররা হচ্ছেন অতিরিক্ত পুলিশ সুপার ক সার্কেলের জুয়েল ইমরান, নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার আল নাহিয়ান, যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম, বেনাপোল পোর্ট থানার এসআই রাজু আহমেদ ও এসআই অমিত কুমার দাস।
