কল্যাণ রিপোর্ট
যশোরে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে। যশোর জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের যৌথ আয়োজনে দিবসটি পালিত হয়। ‘শতবর্ষে জাতির পিতা সুবর্ণে স্বাধীনতা/ অভিবাসনে আনবো মর্যাদা ও নৈতিকতা’ প্রতিপাদ্যকে উপজীব্য করে দিবসটি পালন উপলক্ষে যশোরে শনিবার সকালে আয়োজন করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক তমিজুল ইসলাম সকালে শোভাযাত্রার উদ্বোধন করেন। পরে যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী সায়েদুজ্জামানের সভাপতিত্বে জেলা প্রশাসকের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন যশোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ সাজ্জাদ হোসেন ভূইয়া, রাইটস্ যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক, ইসলামী ব্যাংক বাংলাদেশ যশোর শাখার উপ-ব্যবস্থাপক আমিরুল ইসলাম, ব্র্যাক যশোর শাখার সমন্বয়কারী আলমাছুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের অতিরিক্ত পরিচালক শাহরিয়ার হাসান।
বক্তারা বলেন, অভিবাসী শ্রমিকরা যেন কোন ধরনের শোষণ, বঞ্চনা ও হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সচেষ্ট থাকতে হবে। শ্রম-অভিবাসন বিশ্বব্যাপী উন্নয়নের অন্যতম হাতিয়ার হিসেবে পরিগণিত হয়েছে। আমাদের অভিবাসী কর্মীরা দেশের জন্য আয় করছেন বৈদেশিক মুদ্রা বা রেমিটেন্স, অবদান রাখছেন দেশের অর্থনৈতিক উন্নয়নে। অবকাঠামো উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের মাধ্যমে তারা দেশের সুনাম বিশ্বব্যাপী ছড়িয়ে দিচ্ছেন।
বক্তারা আরও বলেন, বৈশ্বিক শ্রম বাজারে কোভিড-১৯ এর নেতিবাচক প্রভাব পড়ায় অনেক অভিবাসী ইতোমধ্যে দেশে প্রত্যাবর্তন করেছেন। সরকার তাদের জন্য স্বল্প সুদে ও সহজ শর্তে ঋণ এবং পুনর্বাসন কার্যক্রম গ্রহণ করেছে। টেকসই উন্নয়নের মূলকথা কেউ পিছিয়ে থাকবে না।
সেটা বাস্তবায়নে আমরা সবাই একযোগে কাজ করে যাচ্ছি। আমাদের মনে রাখতে হবে যদি অভিবাসন ব্যাহত হয় বা দক্ষতা বৃদ্ধিতে সমন্বয় করে কাজ করতে না পারি তবে প্রধানমন্ত্রীর উন্নয়ন থমকে যাবে। মানুষ না বুঝে অবৈধ পথে বিদেশ যেয়ে প্রতারিত হচ্ছে।
যেখানে সরকারের সহায়তায় মাত্র একলাখ ৬৫ হাজার টাকায় বিদেশ যাওয়া যায় সেখানে অনেক ক্ষেত্রে অতিরিক্ত অর্থ ব্যয় করে বিদেশে গিয়ে দাস প্রথার সাথে যুক্ত হয়ে যাচ্ছে। তাই বিদেশ যাওয়ার আগে নিজেকে দক্ষতা অর্জন করতে সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষিত হতে হবে।
অনুষ্ঠান শেষে দেশের অর্থনৈতিক উন্নয়নে আশাতীত সফলতা অর্জন করায় রেমিটেন্স যোদ্ধা কুয়েত প্রবাসী আবুল কালমকে সম্মাননা দেয়া হয়।
অনুষ্ঠানে ঢাকা আহসানিয়া মিশন, যশোর অভিবাসী নারী কল্যাণ সমিতি, ধারা, ব্র্যাক, রাইটস্ যশোর, এডাব, বঞ্চিতা, সুসমাজসহ বিভিন্ন সংগঠন অংশগ্রহণ করে।