অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাস গত শনিবার বিকেলে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ফটকের সামনে কোন প্রকার অনুমোদন ছাড়াই গড়ে ওঠা একাধিক প্রাইভেট ক্লিনিক ও ডায়াগস্টিক সেন্টারে অভিযান চালিয়ে একটি প্রাইভেট ক্লিনিক ও একটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেন। শনিবার বন্ধ করা হলেও যথারীতি ওই ডায়াগনস্টিক সেন্টার ও প্রাইভেট ক্লিনিকটি রোববার আবার চালু করা হয়েছে।
বন্ধ করা প্রতিষ্ঠান দু’টি হলো আব্দুল মুকিত বিশ্বাস (প্রাঃ) হাসপাতাল ও এবি ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার।
যশোরের সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাস শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক বিষয় পরিদর্শন করে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারীদের সাথে মতবিনিময় শেষে কয়েকটি প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালান। এ সময়ে তিনি আব্দুল মুকিত বিশ্বাস (প্রাঃ) হাসপাতাল ও এবি ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের বৈধ কাগজপত্র না থাকায় বন্ধ করার নির্দেশ দেন। বন্ধ করার পরের দিনই আবার ওই দুটি প্রতিষ্ঠান চালু করা হয়েছে। এ নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
বুইকরা গ্রামের মুজিবর রহমান বলেন ডায়াগনস্টিক সেন্টারগুলোর সাথে হাসপাতালের ডাক্তাররা জড়িত। অভিযান লোক দেখানো। জনপ্রতিনিধিরা বিষয়টি দেখলে সাধারণ মানুষ উপকৃত হতো।
এবি ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের মালিক মামুন শেখ বলেন আমার প্রতিষ্ঠানটি স্যার (সিভিল সার্জন) বন্ধ করেন নাই। শুধু টেস্ট না করার জন্য বলেছেন এবং এক সপ্তাহের মধ্যে অনলাইনে আবেদন করতে বলেন।
আব্দুল মুকিত বিশ্বাস (প্রাঃ) হাসপাতালের মালিক নাহিদ হাসানের মোবাইল ফোনে (০১৭৬১৬৯১৯৯০) বারবার যোগাযোগ করা হলেও তিনি রিসিভ করেননি।
এবিষয়ে সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাস বন্ধ করা প্রতিষ্ঠান আবার চালুর কথা শুনে বিস্ময় প্রকাশ করে বলেন বন্ধ করা প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার চালু করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।