অভয়নগর (যশোর) প্রতিনিধি: যশোরের অভয়নগর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় বনলতা বিশ্বাস (৭৩) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার কোদলা গ্রামে নিজ বাড়ির সামনে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় তিনি প্রাণ হারান।
পুলিশ জানায়, বনলতা বিশ্বাস গতকাল বিকেল চারটার দিকে পাশের হালদারপাড়া থেকে বেড়াতে যান। সেখান থেকে ইজিবাইকে এসে বাড়িতে ঢোকার জন্য রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে রাস্তার ওপর পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পাথালিয়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক শামসুর রহমান বলেন, মোটরসাইকেলের ধাক্কায় বনলতা বিশ্বাস মারা গেছেন। মোটরসাইকেলটি আটক করা হয়েছে। চালক আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।