খেলা ডেস্ক: আইপিএলের আজ রয়েছে দুইটি ম্যাচ। দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে মোস্তাফিজুর রহমানের দিল্লি ক্যাপিট্যালস। তাদের বিপক্ষে খেলবে এবারের নবাগত দল গুজরাট টাইটান্স।
আজকের প্রথম ম্যাচে মুখোমুখি হবে আইপিএলের সফলতম দল মুম্বাই ইন্ডিয়ান্স ও প্রথম আসরের চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালস। বিকেল ৪টায় মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে শুরু হয়েছে এই ম্যাচ। রাতের ম্যাচে মোস্তাফিজরা খেলবেন পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে।
এরই মধ্যে গত রোববার মুম্বাইয়ের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলে ফেলেছে দিল্লি। অক্ষর প্যাটেল ও ললিত যাদবের ব্যাটে ভর করে সেদিন ৪ উইকেটে জয় পায় তারা। তবে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের কারণে সেই ম্যাচে খেলতে পারেননি মোস্তাফিজ।
দলের প্রথম ম্যাচে খেলা না হলেও আজকের ম্যাচে মাঠে ফেরার সমূহ সম্ভাবনা রয়েছে দ্য ফিজের। দিল্লির হয়ে বেশ কিছুদিন অনুশীলন করে আইপিএলে মাঠে নামতে পুরোপুরি প্রস্তুত তিনি। ভারতীয় সংবাদমাধ্যমগুলোও জানাচ্ছে, আজ দিল্লির হয়ে অভিষেক হয়ে যাবে মোস্তাফিজের।
অবশ্য এক্ষেত্রে একটি সংশয়ের জায়গা থেকেই যাচ্ছে। দিল্লির স্কোয়াডে বিদেশি পেসার হিসেবে মোস্তাফিজ ছাড়াও আছেন দক্ষিণ আফ্রিকান তারকা লুঙ্গি এনগিদি। আজকের ম্যাচে তাই মোস্তাফিজের জায়গায় লুঙ্গিকেও বিবেচনা করতে পারে দিল্লি।
তবে মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচে মাত্র দুই বিদেশি (টিম সেইফার্ট ও রভম্যান পাওয়েল) নিয়ে খেলেছিল দিল্লি। তাই তাদের দলে আরও দুই বিদেশি নেওয়ার সুযোগ থাকছেই। সেই অনুযায়ী মোস্তাফিজ ও লুঙ্গিকে নিয়েও চার বিদেশির কোটা পূরণ করতে পারে দিল্লি।
দিল্লি ক্যাপিট্যালসের সম্ভাব্য একাদশ: পৃথ্বি শ, টিম সেইফার্ট, মানদ্বীপ সিং, রিশাভ পান্ত (উইকেটরক্ষক, অধিনায়ক), রভম্যান পাওয়েল, ললিত যাদব, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, কুলদ্বীপ যাদব, খলিল আহমেদ ও মোস্তাফিজুর রহমান/লুঙ্গি এনগিদি।
গুজরাট টাইটান্সের সম্ভাব্য একাদশ: শুবমান গিল, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), বিজয় শংকর, অভিনব মনোহর, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ডেভিড মিলার, রাহুল তেওয়াতিয়া, রশিদ খান, ভরুন অ্যারন, লকি ফার্গুসন ও মোহাম্মদ শামি।