নিজস্ব প্রতিবেদক
যশোর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গন থেকে ফেরদৌস বিশ^াস নামে এক ব্যক্তিকে অপহরণের পর বেশ কয়েকটি স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেয়ার অভিযোগে আদালতে মামলা হয়েছে। গত ১০ ডিসেম্বর বেলা ১১টার দিকে ঘটনার সময় উল্লেখ করে ১২ ডিসেম্বর বলরামপুর গ্রামের বাসিন্দা ও ভুক্তভোগী ফেরদৌস বিশ^াস দুইজনের উল্লেখ ও অজ্ঞাতনামা আরো চারজনের বিরুদ্ধে মামলাটি করেছেন। বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া মামলাটি তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসিকে আদেশ দিয়েছেন।
আসামিরা হলো, সদর উপজেলার রামনগর গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে ইয়াছিন আলী চুন্না ও গোপালপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে কামরুল ইসলাম।
বাদী মামলায় বলেছেন, গত ১০ ডিসেম্বর বাদী ১৫৮১/২১ নম্বর একটি সিআর মামলায় হাজিরা দিতে যশোর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসেন। বেলা পৌনে ১১টার দিকে বাদী ও তার মামলার এক স্বাক্ষী আদালত ভবনের মধ্যে ঘুরাফেরা করছিলেন। এরই মধ্যে আসামিরা এসে বাদীকে অপহরণ করে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে চলে যায়। বিভিন্নস্থানে ঘরাফেরা শেষে তার কাছ থেকে বেশ কয়েকটি লিখিত এবং অলিখিত স্ট্যাম্পের জোর পূর্বক স্বাক্ষর করিয়ে নেয়। এরপরে তাকে অজ্ঞাত স্থানে ফেলে চলে যায়। এই ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করতে যান বাদী। কিন্তু থানা পুলিশ মামলা গ্রহণে অস্বীকৃতি জানায়। ফলে বাদী হয়ে আদালতে এই মামলাটি করেছেন।
