কল্যাণ রিপোর্ট: যশোরের বাঘারপাড়া বুধোপুর গ্রামে মাগুরা শালিখার ইজিবাইক চালক আল আমিন হত্যা মামলায় আটক চারজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। ইজিবাইক চুরির উদ্দ্যেশে তারা আল আমিনকে হত্যা করেছে বলে জানায়। রোববার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মঞ্জুরুল ইসলাম আসামিদের জবানবন্দি গ্রহণ শেষে কারাগারে পাঠিয়েছেন।
আসামিরা হলো যশোর সদরের সাতমাইল মথুরাপুর গ্রামের আলামিন, রায়পাড়া গ্রামের রাসেল, মাগুরা শালিখার রামপুর বুনাগাতী গ্রামের জুয়েল খান ও হারুন অর রশিদ।
মামলার অভিযোগে জানা গেছে, মাগুরা শালিখার হরিশপুর গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে আল-আমিন গত ৯ ডিসেম্বর সকাল ৮টার দিকে সীমাখালি থেকে তিনজন যাত্রী নিয়ে যশোরের বাঘারপাড়ার উদ্দ্যেশ্যে রওনা হন। এরপর থেকে আল আমিন নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজ করে আল আমিনকে উদ্ধারে ব্যর্থ হয়ে পরিবারের পক্ষ থেকে শালিখা থানায় অভিযোগ দিলে ১১ ডিসেম্বর বাঘারপাড়ার বুধোপুর গ্রামের নওশের আলীর লিচু বাগান থেকে আল আমিনের মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় বাঘারপাড়া থানায় মামলা হয়।
হত্যা রহস্য ও আসামি আটকের জন্য র্যাব গোয়েন্দা তৎপরতা শুরু গত শুক্রবার রাতে হত্যার সাথে জড়িত সন্দেহে আলামিনকে আটক করে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে জুয়েল খান, হারুন অর রশিদ ও রাসেলকে আটক করা হয়। এ সময় রাসেলের বাড়ি থেকে ইজিবাইকের ৫ টি ব্যাটারি ও একটি চাকা উদ্ধার করা হয়।