নিজস্ব প্রতিবেদক: পতাকা নেয়াকে কেন্দ্র করে যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের শ্রীকণ্ঠনগর পশ্চিম পাড়ার মালেক মোড়লের পরিবারের উপর হামলা চালিয়ে একই পরিবারের চারজনকে জখম ও চেন ছিনতাইয়ের অভিযোগে মামলা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে মালেক মোড়লের ছেলে বিল্লাল হোসেন কোতোয়ালি থানায় প্রতিবেশী দুই জনের বিরুদ্ধে মামলা করে। পুলিশ ইমরান হোসেন নামে একজনকে গ্রেফতার করে শুক্রবার দুপুরে আদালতে সোপর্দ করে। আসামিরা হচ্ছে, ওই গ্রামের আইযূব আলীর ছেলে ইমরান হোসেন ও ওহিদ লস্কারের ছেলে বাবু।
মামলায় বিল্লাল হোসেন উল্লেখ করেন, ২২ নভেম্বর ইমরান হোসেন তার ইজিবাইকে ২টি ছোট ছোট পতাকা রেখে ইজিবাইকটি বাড়ির সামনে রাস্তায় রেখে বাড়িতে দুপুরের খাওয়ার জন্য যায়।
এ সময় তার শিশু বাচ্চা শামিরুল (৫) ও পোতা ছেলে হামজা (৪) বাদির পরিবারের অজ্ঞাতে ইমরান হোসেনের ইজিবাইক থেকে পতাকা নিয়ে ১টি পতাকা নষ্ট করে ফেলে। ইমরান হোসেন তার গাড়িতে রাখা ২টি পতাকা না পেয়ে একই দিন বিকেল সাড়ে ৪ টায় বাদির বাড়িতে প্রবেশ করে বউমা সেলিনাকে খুন করার হুমকি দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে।
ওই সময় গালিগালাজ করতে নিষেধ করায় আসামিরা ক্ষিপ্ত হয়ে বাদিকে খুন করার হুমকী দিয়ে আক্রমন করে লাঠি দিয়ে মাথায়, হাতে, পায়ে, বুকে পিঠে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে রক্তাক্ত জখম করে।