নিজস্ব প্রতিবেদক
যশোর বড়বাজারের মাছ বাজারে ভারতীয় ইলিশের নির্ধারিত মূল্য ও ক্রয়-বিক্রয়সংক্রান্ত কাগজপত্র যাচাইয়ে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে নির্ধারিত মূল্য ও আমদানিসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় একটি মাছের আড়তকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোরের সহকারী পরিচালক সেলিমুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে বড়বাজারের মাছ বাজারের বিভিন্ন পাইকারি ও খুচরা দোকানে ভারতীয় ইলিশের ক্রয়-বিক্রয়, মূল্যতালিকা এবং আমদানিসংক্রান্ত নথিপত্র যাচাই করা হয়। এ সময় ভারতীয় ইলিশের নির্ধারিত মূল্যসংক্রান্ত তথ্য এবং আমদানি ও সরবরাহের ক্রয়-বিক্রয়ের প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় কর্ণফুলী ফিস নামের একটি আড়তের মালিক শামীম হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষকে নির্ধারিত মূল্যে ভারতীয় ইলিশ বিক্রি এবং আমদানিসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র যথাযথভাবে সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, বাজারে ভারতীয় ইলিশের ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যসহ সামগ্রিক বেচাকেনা কার্যক্রম নিয়মিত মনিটরিং করা হবে। ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
