নিজস্ব প্রতিবেদক
জেলার সার্বিক উন্নয়নের স্বার্থে সকলকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন যশোরের নবাগত জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম। রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভায় সকল সরকারি কর্মকর্তা কর্মচারিকে তিনি এ আহ্বান জানান।
জেলা প্রশাসক বলেন, আমাদের কর্মদক্ষতা প্রমাণ করার এখন একটি ভালো সময়। আমরা যে কাজ জানি, কাজ করতে পারি সেটি সাধারণ মানুষকে আমাদের কর্মের মাধ্যমে বোঝাতে হবে। উন্নয়নের স্বার্থে আমরা সকল বিভেদ ভুলে কাজ করবো। আমাদের সততা, সক্ষমতা ও যোগ্যতার বহিঃপ্রকাশ ঘটবে আমাদের সকলের কাজের মাধ্যমে। সাধারণ মানুষের জীবনমান ও জেলার সার্বিক উন্নয়নের বিষয়ে কোন ছাড় দেয়া হবে না। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অতিরঞ্জিত হয়ে কোন রাজনৈতিক দল বা ব্যক্তিকে বিশেষ সুবিধা দেয়ার সুযোগ নেই বলেও তিনি মন্তব্য করেন।
জেলা প্রশাসক আরও বলেন, বিগত সরকারের আমলে রাজনৈতিক চাপে সরকারি কর্মকর্তরা অনেক সময় তাদের দায়িত্ব পালনে বাধাগ্রস্ত হয়েছেন। ফলে জনগণের মনে নানা প্রশ্ন তৈরি হয়েছে। সেই জায়গা থেকে সরকারি কর্মকর্তাদের ফিরে আসতে হবে। জেলা প্রশাসক বলেন, উন্নয়নের স্বার্থে আমাকে যতটা পাশে পাওয়ার দরকার তার থেকেও বেশি আপনারা আমাকে পাশে পাবেন।
সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থির বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নূর-ই-আলম সিদ্দিকী বলেন, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ প্রশাসন নিরলসভাবে কাজ করছেন। পরিবর্তিত প্রেক্ষাপটে এখনো কিছু জটিলতা রয়েছে তবে সেগুলো দ্রুত সমাধানের চেষ্টা চালানো হচ্ছে। নাগরিকের জানমালের নিরাপত্তার জন্য গঠিত পুলিশ বাহিনী যাতে তার গৌরব ফিরে পায় সেজন্য যা যা করণীয় আমরা করছি।
তিনি জানান, ইতিমধ্যে যশোরের প্রতিটি উপজেলায় ব্যবসায়ী সমিতি, সচেতন মহল, রাজনৈতিক নেতাদের সাথে মতবিনিময় করা হয়েছে। দুর্বৃত্তরা যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য পুলিশি কার্যক্রমকে আরও গতিশীল করা হচ্ছে বলেও জানান তিনি।
এছাড়াও উন্নয়ন কমিটির সভায় সিভিল সার্জন অফিস, সড়ক ও জনপথ বিভাগ, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর, জেলা খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, আঞ্চলিক পাসপোর্ট অফিস, জনস্বাস্থ্য বিভাগ, পল্লী বিদ্যুৎ সমিতি ১ ও ২, কৃষি বিপণন অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পাট অধিদপ্তর, বিআরডিবি, ওজোপাডিকো, পরিবেশ অধিদপ্তরসহ সরকারি দপ্তরগুলোর কাজের অগ্রগতি সম্পর্কে তদারকি করেন নাবগত জেলা প্রশাসক।
