নিজস্ব প্রতিবেদক
যশোর প্রথম বিভাগ ক্রিকেট লিগের সুপার ফোরে টানা দ্বিতীয় জয় পেয়েছে ইয়াং ড্রাগন মার্শাল আর্ট। শনিবার শামস্-উল-হুদা স্টেডিয়ামে তারা ১৩৪ রানে পরাজিত করেছে আসাদ স্মৃতি সংঘকে। এ জয়ে এক ম্যাচ হাতে রেখে আগামী মৌসুমে প্রিমিয়ার ডিভিশন লিগের টিকিট নিশ্চিত করেছে শামস্-উল-হুদা ফুটবল একাডেমির দল বলে পরিচিত পাওয়া ক্লাবটি।
এদিনের ম্যাচে ইয়াং ড্রাগনের ১১ জন বোলারই হাত ঘুরিয়েছেন। যা সম্প্রতি সময়ে যশোর লিগের রেকর্ড।
প্রিমিয়ার ডিভিশন নিশ্চিত হলেও শেষ ম্যাচকে হালকাভাবে নিবে না ইয়াং ড্রাগন মার্শাল আর্টের খেলোয়াড়রা। ক্লাবের সাধারণ সম্পাদক শামস্-উল-বারী শিমুল বলেন, আমাদের প্রথম লক্ষ্য ছিল প্রিমিয়ার ডিভিশন খেলা। সেই টার্গেট পূরণ হয়েছে। শেষ ম্যাচ জিতে চ্যম্পিয়ন হতে চাই।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইয়াং ড্রাগন মার্শাল আর্টের অধিনায়ক মঈনুল ইসলাম সোহেল। ব্যাট করতে নেমে তিন ফিফটিতে নির্ধারিত ৫০ ওভারে ছয় উইকেট হারিয়ে ২৮৬ রান করে ইয়াং ড্রাগন মার্শাল আর্ট। জবাবে ৩৪ ওভার পাঁচ বলে ১৫২ রানে গুটিয়ে যায় আসাদ স্মৃতি সংঘের ইনিংস।
ব্যাট হাতে ইয়াং ড্রাগনের জামাদুস সানি প্রান্ত ৮৫ বলে নয়টি চারে ৮২, রুবেল মাহমুদ ২৯ বলে একটি চারে ১৫, তামিম আক্তার ৬৪ বলে ছয়টি চার ও একটি ছয়ে ৫১, দীপজ্যোতি মল্লিক ৪১ বলে তিনটি চারে ৩০, মঈনুল ইসলাম সোহেল ৫৩ বলে তিনটি চার ও ছয়ে ৫০, হোসেন ২৭ বলে তিনটি চার ও একটি ছয়ে অপরাজিত ২৮ রান করেন। অতিরিক্ত হতে তারা সংগ্রহ করেছে ২৮ রান।
বল হাতে আসাদের পক্ষে সাকিব আল হাসান ৩৯ রানে চারটি, আরমান আসিফ ও সাকিব হোসেন নিয়েছেন একটি করে উইকেট।
আসাদের ব্যাটিং ইনিংসে রাইসুল ১২ বলে দু’টি চার ও একটি ছয়ে ১৬, মামুন ৩৭ বলে একটি চার ও দু’টি ছয়ে ২৭, ইয়াছিন ৩৭ বলে তিনটি চারে ২১, সাকিব হোসেন ২৭ বলে তিনটি চারে ২৫, রনি ২৪ বলে দু’টি চারে ১৩ রান করেন। অতিরিক্ত হতে তাদের সংগ্রহ ২৫।
ইয়াং ড্রাগনের ১১ খেলোয়াড়ই বল করেছেন। নিপু তিন ওভার বল করে একটি মেডেন আদায়ের পাশাপাশি দুই রান খরচায় নিয়েছেন তিনটি উইকেট। এছাড়া শরিফুল ইসলাম নয় রানে দু’টি। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন সোহেলুর জামান বাবু, হোসেন, তামিম আক্তার, ইমদাদ হক জুয়েল, জামাদুস সানি প্রান্ত ও রুবেল। দলের তিন বোলার দীপজ্যোতি মল্লিক, মাহাবুব ও মঈনুল ইসলাম সোহেল কোন উইকেট পাননি। ইয়াং ড্রাগনের সোহেল ১০ ওভারে ১টি মেডেনসহ ২৬ রানে ৪টি, সোহেলুর রহমান বাবু ১০ ওভারে ৩টি মেডেনসহ ৩২ রানে ২টি, আশিকুল ইসলাম নিলয়, ইমাদুল হক জুয়েল ও হোসেন ১টি করে উইকেট দখল করেন।
