নিজস্ব প্রতিবেদক
যশোরে অনুষ্ঠিত একাডেমি কাপ ফুটবলের ফাইনালে জায়গা করে নিয়েছে হযরত ফুটবল একাডেমি। বৃহস্পতিবার শামস্-উল-হুদা স্টেডিয়ামে তারা ১-০ গোলে অভয়নগর ফুটবল কোচিং সেন্টারকে পরাজিত করে টুর্নামেন্টের দ্বিতীয় দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে। শনিবার ফাইনালে দলটি মুখোমুখি হবে উপশহর ফুটবল একাডেমির বিপক্ষে। ম্যাচটি অনুষ্ঠিত হবে বিকেল তিনটায়।
ম্যাচে হযরত ফুটবল একাডেমি জয়ী হলেও বল দখলে ও আক্রমণের দিক দিয়ে বেশ এগিয়ে ছিল অভয়নগর ফুটবল কোচিং সেন্টার। গোল মুখে যেয়েও আক্রমণ ভাগের খেলোয়াড়রা খেই হারিয়ে ফেলেছেন।
ম্যাচের ছয় মিনিটে বামপ্রান্ত দিয়ে আক্রমণ গড়ে হযরত ফুটবল একাডেমি। প্রতিপক্ষের অর্ধে ঢুকে আকাশের নেওয়া মাইনাসটি হাওয়ায় ভোসে প্রতিপক্ষের ছোট ডি বক্সের মাথায় এসে পড়ে। সেই বলে মাথা ছুয়ে গোল করেন চয়ন। এই গোলটিই শেষ পর্যন্ত হয়ে দাঁড়ায় এ ম্যাচের ভাগ্যফল। প্রথমার্ধে আরও একটি সহজ গোলের সুযোগ হাতছাড়া করেন হযরত ফুটবল একাডেমির বদলি হিসেবে মাঠে নামা জিবন। তিনি গোলরক্ষককে একা পেয়েও গোলমুখে বল জড়াতে পারেননি।
বিরতি থেকে ফিরে অভয়নগরের দলটি সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে। আক্রমণ গড়লেও তা থেকে গোল করার মত দক্ষতা কেউ দেখাতে পারেনি। পক্ষান্তরে গোল ব্যবধান বড়ানোর সুযোগ ছিল হযরত ফুটবল একাডেমির। তারাও দু’টি সহজ সুযোগ হাতছাড়া করেন। এক অর্থে বলা যেতে পারে গোল করার দক্ষতা দু’দলের খেলোয়াড়দের মধ্যে অনুপস্থিত ছিল।
