নিজস্ব প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিতে বিশেষ অবদানের জন্যে একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক আনোয়ার হোসেনকে সংবর্দনা দেওয়া হয়েছে। সংবর্ধিত আনোয়ার হোসেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
ঢাবি ফোরাম যশোরের আয়োজনে মঙ্গলবার সন্ধ্যায় শহরের ষষ্ঠীতলাপাড়াস্থ পিটিআই মিলনায়তনে ইফতার মাহফিল, সংবর্ধনা ও নৈশভোজ অনুষ্ঠানে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করে ঢাবি ফোরাম যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বিচার বিভাগ নড়াইলের যুগ্ম জেলা ও দায়রা জজ মুহাম্মদ আকরাম হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক ও যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক শাহ্জাহান কবীর। অনুষ্ঠানে উপাচার্যকে উত্তরীয় পরিয়ে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। বক্তব্য দেন সংবর্ধনা আয়োজন কমিটির আহ্বায়ক আতিয়ার রহমান, ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শাহিদুর রহমান জনি প্রমুখ। অনুষ্ঠানে যবিপ্রবি উপাচার্যের জীবনী পাঠ করেন ঢাবি ফোরামের সদস্য সোনিয়া ইসলাম। অনুষ্ঠানে যশোর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক অমল কুমার, যবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য অধ্যাপক ড. ইকবাল কবীর জাহিদ, স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডিন ড. তানভীর ইসলাম, পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শিরিন নিগার ও যবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ড. সেলিনা আক্তার।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর যশোরে অবস্থান করা বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ পাঁচশতাধিক অগ্রজ ও অনুজ ঢাবিয়ান সদস্য উপস্থিত ছিলেন।
২০১৭ সালের ২৩ সেপ্টেম্বর ঢাবি ফোরাম যশোরের যাত্রা শুরু হয়। এটি যশোরস্থ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের একটি অরাজনৈতিক, জনকল্যাণমুখী ও স্বেচ্ছাসেবী সংগঠন।