কল্যাণ ডেস্ক: করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ মোকাবিলায় দোকান-শপিংমল রাত ৮ টা পযন্ত খোলা রাখা যাবে। এছাড়াও আসনের অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চলাচলের সিদ্ধান্ত আসছে।
আজ মঙ্গলবার (৪ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনাভাইরাস ও ওমিক্রনকে আমাদের রুখতে হবে। সেজন্য কিছু সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। যানবাহনে মাস্ক ছাড়া চলাচল করা যাবে না। যদি কেউ বাস, ট্রেন ও লঞ্চে চলাচল করে তাহলে জরিমানার মধ্যে পড়বে।
স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, বাস ও অন্যান্য যানবাহনে যাত্রী সংখ্যা পরিবহনের আসনের অর্ধেক করার সিদ্ধান্ত আসছে। রেস্টুরেন্ট ও হোটেলে মাস্ক পরে যেতে হবে। মাস্ক ছাড়া গেলে ক্রেতা ও বিক্রেতা উভয়ের জরিমানা হবে।
‘ওমিক্রন’ মোকাবিলায় প্রস্তাবনার মধ্যে, দোকান-মার্কেট খোলা রাখার সময়সীমা কমিয়ে আনার বিষয়টি রয়েছে। রাত ১০টার পরিবর্তে রাত ৮ পর্যন্ত দোকানপাট ও শপিংমল খোলা রাখা যাবে।
আগামী ৭ দিন পর প্রস্তবনাসমুহ বাস্তবায়নের জন্য মন্ত্রিপরিষদ সচিবকে জানানো হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।