নিজস্ব প্রতিবেদক: জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহে যশোরে সর্বোচ্চ ২১ ভ্যাটদাতাকে সম্মাননা দেওয়া হয়েছে। কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট যশোরের আম্রকাননে শনিবার সম্মাননা দেয়া হয়। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য হোসেন আহমদ সেরা করদাতা ও প্রতিষ্ঠানকে সম্মাননা ক্রেস্ট, সার্টিফিকেট প্রদান করেন।
কাস্টমস এক্সাইজ ও ভ্যাট অফিস মতে, উৎপাদন, সেবা ও ব্যবসায়ী খাতে ২০২০-২১ অর্থবছরে ২১টি প্রতিষ্ঠানকে সেরা ভ্যাটদাতা সম্মাননা দেয়া হয়েছে। সম্মাননাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো, কুষ্টিয়ার মডার্ন প্লাইউড এন্ড উড প্রোসেসিং কোম্পানি লিমিটেড, কুষ্টিয়া সদরের গ্রিন এন্টারপ্রাইজ, কুষ্টিয়ার সূচনা হেয়ার এন্ড বিউটি কেয়ার, গোপালগঞ্জ সদরের মেসার্স কাজী সৈয়দ আলী,
গোপালগঞ্জ বিসিকের শরীফ ফার্নিচার, চুয়াডাঙ্গার মেসার্স বঙ্গ পিভিসি পাইপ ইন্ডাস্ট্রিজ, মাদানী এন্টারপ্রাইজ, চুয়াডাঙ্গা হোটেল ভিআইপি, ঝিনাইদহের মহেশপুর তুষার সিরামিকস লিমিটেড, ঝিনাইদহের ফসিয়ার মটর সাইকেল সেন্টার, নড়াইলের মেসার্স কাজ ট্রেডিং, ফরিদপুরের মধুখালীর রাজ্জাক ফুড এন্ড বেভারেজ লিমিটেড, ফরিদপুর সদরের মেসার্স তাজ ইন্টারন্যাশনাল, বাগাট ঘোষ মিষ্টান্ন ভান্ডার, মাগুরা সদরের মেসার্স ভাই ভাই প্লাস্টিক, মেসার্স আলমগীর মটরস, চলম্ভিকা হোটেল, মেহেরপুর সদরের মেসার্স বিশ্বাস মটরস, যশোর সদরের মেসার্স পান শাহী জর্দ্দা ফ্যাক্টরি, শুভ এন্টারপ্রাইজ, হোটেল জাবের প্যারাডাইস লিমিটেড।
অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য হোসেন আহমদ বলেন, রাষ্ট্রের উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখতে রাজস্ব অপরিহার্য উপাদান। রাষ্ট্রের নানাবিধ ব্যয় নির্বাহ এবং উন্নয়নে যে অর্থের প্রয়োজন তার সিংহভাগই আসে অভ্যন্তরীণ রাজস্ব থেকে। রাজস্বের অন্যতম উৎস হচ্ছে ভ্যাট। একটি উন্নত দেশ গড়তে ইঞ্জিন হিসাবে কাজ করে ভ্যাট।
তিনি বলেন, রাজস্ব আদায়কারীদের জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়িয়ে রাজস্ব দিতে উদ্বুদ্ধ করতে হবে। কর ও ভ্যাট নিয়ে মানুষের মধ্যে এক ধরনের ভীতি আছে। এই ভীতি কাটাতে হবে।
কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট যশোরের কমিশনার মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার আব্দুল হাকিম। স্বাগত বক্তব্য রাখেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট যশোরের অতিরিক্ত কমিশনার জুয়েল আহমেদ, যুগ্ম কমিশনার মোহাম্মদ সেলিম শেখ।