নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় যশোরের একজনসহ খুলনা বিভাগে ১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ৩২০ জন।
মঙ্গলবার দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মনজুরুল মুরশিদ স্বাক্ষরিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতরের ওই প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে করোনায় ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা জেলায় মৃত্যু হয়েছে ৫ জনের। এছাড়া নড়াইলে দুজন এবং যশোর, সাতক্ষীরা, ঝিনাইদহ, কুষ্টিয়া ও মেহেরপুরে একজন করে মারা গেছেন।
একই সময়ে খুলনা বিভাগে করোনা শনাক্ত হয়েছে ৩২০ জনের। এর মধ্যে শীর্ষে রয়েছে কুষ্টিয়া। এই জেলায় সর্বোচ্চ ৬৪ জনের শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। আর খুলনায় ৬২ জন ও যশোরে ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
এ ছাড়া সাতক্ষীরায় ২৪ জন, ঝিনাইদহে ২২ জন, বাগেরহাটে ২৫ জন, নড়াইলে ২৭ জন, মাগুরায় ৫ জন, চুয়াডাঙ্গায় ২৭ জন ও মেহেরপুরে ২০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে সুস্থ হয়েছেন ৮৪২ জন।