শেখ এনামুল হক দুলু, মহেশপুর: মহেশপুরে বীজহীন কাগজী লেবু চাষ করে স্বাবলম্বী হয়েছেন কুতুব গাজী। উপজেলার ফতেপুর গ্রামের এই কৃষকের সফলতা দেখে আগ্রহী হয়ে উঠছেন অনেকেই। মহেশপুর থেকে এই লেবু ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো করা হচ্ছে।
বেশি ফলন, রস বেশি আর চাহিদার কারণে এ লেবু চাষে লাভ বেশি হওয়ায় অনেকেই অন্য ফসলের আবাদ ছেড়ে এ লেবু চাষের দিকে ঝুঁকছেন। বীজহীন লেবু চাষ করে মাত্র ৩ বছরেই লাখপতি হয়েছেন তিনি।
কুতুব গাজী বলেন, ২০১৯ সালের প্রথম দিকে দুই বিঘা জমি নিয়ে ওই জমিতে ২৫০টি লেবুর কলমকৃত চারা রোপণ করি। চারা কেনা, চারা রোপণ, জমি প্রস্তুত, জমি তৈরি, সেচ ও সারসহ বিবিধ খরচ মিলিয়ে প্রথম বছর প্রায় এক লাখ টাকা ব্যয় হয়। পরের বছরেই ওই সব লেবু গাছে লেবুর ফলন শুরু হয়। এর পরের বছর ওই জমি থেকে বিঘা প্রতি প্রায় এক লাখ টাকার লেবু বিক্রি হয়।
তিনি বলেন, এ বছর গত বছরের থেকে বিক্রি বেশি হবে। সপ্তাহে প্রায় ১০ হাজার টাকার লেবু বিক্রি করেন। ফলে তার মাসিক আয় প্রায় ৪০ হাজার টাকা। এ হিসাব মতে তার ৬৬ শতাংশ জমি থেকে বছরে আয় হয় আড়াই লাখ থেকে ৩ লাখ টাকা। যা অন্য কোনো কৃষি আবাদে সহজলভ্য নয়।
কুতুব গাজী করোনার মধ্যে বিদেশ থেকে দেশে ফেরত এসে এই লেবু চাষে ঝুঁকে পড়েন। তিনি জানান, এই চাষ আরো বাড়াবেন। তার দেখাদেখি অনেকেই এই চাষে নেমেছে। উপজেলার যাদবপুর গ্রামের সোহেল রানা ৩ বিঘা, অলিয়ার রহমান ২বিঘা বিজহীন এই লেবুর চাষ করেছেন।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হাসান আলী জানান, এ উপজেলায় ২০ হেক্টর জমিতে লেবুর আবাদ করা হয়েছে। এর মধ্যে ১০ হেক্টর বীজহীন, ৫ হেক্টর চায়না ও ৫ হেক্টর অন্যান্য কাগজী লেবু রয়েছে।