ক্রীড়া ডেস্ক :
এমনিতেই ইরানের টানা হামলায় জর্জরিত ছিল ওয়েলস। এমন অবস্থায় বিপদের ষোল কলা পূর্ণ করেন ওয়েলস গোলরক্ষক ওয়েন হেনেসি। ইরানের বিপক্ষে ম্যাচের শেষ দিকে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে তাকে।
আর এর মধ্য দিয়ে চলতি বিশ্বকাপে প্রথম লাল কার্ডের খাতায় নাম তুললেন অভিজ্ঞ এই গোলরক্ষক। আর সেই সুবাদে ১০ জনের ওয়েলসকে অতিরিক্ত সময়ের জোড়া গোলে হারিয়েছে ইরান।
ঘটনাটির সূত্রপাত ম্যাচের ৮৫ মিনিটের মাথায়। গোল ঠেকাতে গিয়ে ডি বক্সের বাহিরে চলে এসেছিলেন তিনি। উঁচুতে আসতে থাকা বলটি ক্লিয়ার করতে পা উঁচিয়ে লাথি মেরে বসেন বলে। কিন্তু সেটি বলে না লেগে আঘাত হানে ইরানের স্ট্রাইকার মেহেদি তারেমি মুখের কাছাকাছি।
প্রথমে হলুদ কার্ড দেখালেও ভিএআর দেখে সিদ্ধান্ত বদলান রেফারি। লাল কার্ড দেখিয়ে মাঠ ছাড়া করেন ওয়েলসের গোলরক্ষককে।
চলতি বিশ্বকাপে এটিই প্রথম লাল কার্ড দেখানোর ঘটনা। সেই সঙ্গে বিশ্বকাপের ইতিহাসে তৃতীয় লাল কার্ড দেখা ফুটবলার হিসেবে নাম লিখিয়েছেন হেনেসি।
এর আগে ২০১০ বিশ্বকাপে উরুগুয়ের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ইতুমেলেং খুনে আর ১৯৯৪ এর বিশ্বকাপে নরওয়ের বিপক্ষে লাল কার্ড দেখেছিলেন ইতালির জিয়ানলুকা পাগলিওকা।