নিজস্ব প্রতিবেদক ॥ যশোরের চৌগাছায় বিপ্লব হোসেন নামে একজনকে হত্যার অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। সোমবার নিহতের স্ত্রী নাসরিন আক্তার এ মামলা করেছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সালমান আহমেদ শুভ মামলাটি গ্রহণ করে এই ব্যাপারে থানায় আর কোন মামলা হয়েছে কিনা আগামী ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন আকারে আদালতকে অবহিত করার জন্য চৌগাছা থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
আসামিরা হলো, চৌগাছা উপজেলার দেবিপুর গ্রামের আরশাদ আলী ও তার দুই ছেলে আরিফ হোসেন এবং আলামিন, রমজান আলী মালিথার ছেলে আরিফুল ইসলাম এবং নিয়ামতপুর গ্রামের বুধোর ছেলে বিপুল হোসেন।
মামলার বিবরণে জানা গেছে, বাড়িতে একটি কুকুরের বাচ্চা আসা নিয়ে গত ২৮ ফেব্রুয়ারি আসামিদের সাথে বিপ্লব হোসেনের বিরোধ হয়। এই নিয়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। বিষয়টি আসামিরা মেনে নিতে পারেনি। ফলে আসামিরা বিপ্লব হোসেনকে খুন-জখমের ষড়যন্ত্র করতে থাকে। গত ১ মার্চ সন্ধ্যায় বিপ্লব হোসেন মোটরসাইকেলে তার খালু শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে মুক্তাদাহ গ্রামের মোড়ে আসামিরা বিপ্লবের গতিরোধ ও মারপিট করে গুরুতর জখম করে। স্থানীয়রা উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এসময় আসামিরা প্রভাবিত করে থানায় অভিযোগ দিতে দিতে বাধা দেয়। পরে খোঁজখবর নিয়ে হত্যার বিষয়টি নিশ্চিত হয়ে নিহতের স্ত্রী নাসরিন আক্তার আদালতে এই মামলা করেছেন। বিচারক মামলাটি গ্রহণ করে এই ব্যাপারে চৌগাছা থানায় আর কোন মামলা হয়েছে কিনা তা প্রতিবেদন আকারে আগামী ১০টি কার্য দিবসের মধ্যে অবহিত করতে নির্দেশ দিয়েছেন বিচারক।