কল্যাণ রিপোর্ট
মাদক ব্যবসা করতে রাজি না হওয়ায় বেনাপোলের দিঘীরপাড় গ্রামের শ্রমিক সোহাগ মোড়লকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে রাশেদ ও তার লোকজন। গত ১৫ ডিসেম্বর রাতে রাশেদ তাকে ফোন করে ডেকে নিয়ে পৌর ট্রাক টার্মিনালে নিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে। এ ব্যাপারে থানায় অভিযোগ দিলেও এখনো মামলা হয়নি। রোববার প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন আহত সোহাগের পরিবারের সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন সোহাগের স্ত্রী রেবেকা খাতুন ও পিতা হোসেন আলী।
লিখিত বক্তব্যে সোহাগের বোন সাথী খাতুন বলেন, তার ভাই শ্রমিকের কাজ করে। হামলাকারী রাশেদের প্রস্তাবে রাজি না হওয়ায় সোহাগের সাথে বিরোধ চলছিল। গত ১৫ ডিসেম্বর রাতে ফোন করে সোহাগকে পৌর ট্রাক টার্মিনালে যেতে বলে রাশেদ। টার্মিনালে পৌঁছালে রাশেদ ও তার লোকজন সোহাগকে কুপিয়ে মৃত ভেবে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা সোহাগকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় থানায় অভিযোগ দিলেও পুলিশ মামলা হিসেবে গ্রহণ করেনি। তিনি অভিযোগটি গ্রহণ করে আসামিদের আটক করে বিচারে সোপর্দের দাবি জানিয়েছেন।