বিনোদন ডেস্ক : বলিউডের অনেক জনপ্রিয় গানের গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর। মঙ্গলবার কলকাতায় নজরুল মঞ্চে গানের অনুষ্ঠান ছিল তাঁর। মঞ্চে গান গাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন। সেখান থেকে প্রথমে হোটেল এবং পরে স্থানীয় এক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ভারতীয় বিভিন্ন গণমাধ্যম খবরটি নিশ্চিত করেছে।
কেকের মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্য। তার মৃত্যু অস্বাভাবিক বলে মনে করছেন কলকাতার নজরুল মঞ্চে কেকের শেষ কনসার্টে তার সঙ্গে যাওয়া সঙ্গীরা। তাই মামলা দায়ের করেছেন তারা।
জানা গেছে, কলকাতার গুরুদাস কলেজের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন বলিউডের এই গায়ক। নজরুল মঞ্চে চলছিল অনুষ্ঠান। সেখানেই অসুস্থ বোধ করেন গায়ক। তারপর দ্রুত তিনি হোটেলে ফিরে যান। হোটেলে অবস্থার অবনতি হয়।

দ্রুত কলকাতার একটি হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে যাওয়ার আগেই তাঁর মৃত্যু হয়েছিল বলে হাসপাতাল থেকে জানানো হয়।
আজ বুধবার সকালে কলকাতার নিউ মার্কেট থানায় কেকে’র অস্বাভাবিক মৃত্যুর মামলাটি দায়ের করা হয়েছে বলে জানিয়েছে কলকাতার সংবাদমাধ্যম আনন্দবাজার। কেকের মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখবে পুলিশ। এছাড়া কলকাতার যে পাঁচ তারকা হোটেলে ছিলেন তিনি, সেই হোটেলের ম্যানেজারকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এরইমধ্যে তদন্তে নেমেছে নিউ মার্কেট পুলিশ। হোটেলের অনেককেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সেই সঙ্গে পরীক্ষা করা হচ্ছে সিসিটিভি ফুটেজও।