কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর পল্লী বিদ্যুত সমিতির (পিবিএস) ৩ নং কেশবপুর ওয়ার্ডের এলাকা পরিচালক পদে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে কেশবপুর প্রেসক্লাবের ৫ জন সদস্য রয়েছেন। পিবিএস মণিরামপুর-২ অফিস সূত্রে জানা গেছে, আগামী ২৪ জানুয়ারি কেশবপুর উপজেলার পল্লী বিদ্যুতের এলাকা পরিচালক পদে ৩ নং কেশবপুর ওয়ার্ডের নির্বাচন।
কেশবপুর উপজেলায় পল্লী বিদ্যুতের নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ৫১ হাজার ৩৪১। কেশবপুর এলাকা পরিচালক পদে মনোনয়নপত্র ক্রয়কারী ৭ জনই বুধবার মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে ৫ জনই সাংবাদিক ও কেশবপুর প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য।
মনোনয়নপত্র যারা ক্রয় করেছেন এর মধ্যে সাংবাদিক হলেন, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক লোকসমাজ পত্রিকার কেশবপুর প্রতিনিধি জয়দেব চক্রবর্তী, সহ-সভাপতি ও দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি মোতাহার হোসাইন, কেশবপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক কল্যাণ পত্রিকার কেশবপুর প্রতিনিধি আব্দুল্লাহ আল ফুয়াদ,
কার্যনির্বাহী কমিটির সদস্য দৈনিক সময়ের খবর পত্রিকার প্রতিনিধি মেহেদী হাসান জাহিদ এবং কেশবপুর প্রেসক্লাবের সদস্য ও দৈনিক যশোর পত্রিকার বিশেষ প্রতিনিধি আ.শ.ম. এহসানুল হোসেন তাইফুর। এছাড়াও অপর দুজন প্রার্থী হলেন জি এম মিজানুর রহমান মিল্টন ও মঞ্জুরুল আলম।
পল্লী বিদ্যুতের কেশবপুর জোনাল অফিসের ডিজিএম আব্দুল লতিফ জানান, কেশবপুর, মজিদপুর, মঙ্গলকোট, পাঁজিয়া, গৌরীঘোনা, সুফলাকাটি, ত্রিমোহিনী, সাগরদাঁড়ি, বিদ্যানন্দকাটি, সাতবাড়ীয়া, হাসানপুর ইউনিয়ন ও কেশবপুর পৌরসভা ৩ নং এলাকার আওতাভূক্ত। মনোনয়নপত্র বাছাই ও বৈধ প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ ৩১ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২ জানুয়ারি। ভোট গ্রহণের তারিখ ২৪ জানুয়ারি।