কেশবপুর প্রতিনিধি: কবি, নাট্যকার, গবেষক ও লেখক মুহম্মদ শফির ৬৩তম জন্মদিন উদযাপন করা হয়েছে। মঙ্গলবার রাতে কেশবপুর প্রেসক্লাবের কনফারেন্স রুমে কবির জীবনি ও সাহিত্যের ওপর আলোচনা, ফুলেল শুভেচ্ছা প্রদান ও কেক কাটার আয়োজন করা হয়। কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে বক্তৃতা করেন, কেশবপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য আবু বকর সিদ্দিকী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী, সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন, মধুকবি গবেষক খসরু পারভেজ প্রমুখ।
জন্মদিন উপলক্ষে প্রেসক্লাবের পক্ষ থেকে কবিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠান শেষে মুহাম্মদ শফি তার লেখা নাটক, জীবনি ও কবিতার ১২ টি বই প্রেসক্লাবের গ্রন্থাগারের জন্য প্রদান করেন।
১৯৬০ সালের ১৫ ফেব্রুয়ারি যশোরের কেশবপুর পৌরসভার ভবানীপুরে মুহম্মদ শফি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আফসার আহম্মদ সিদ্দিকী। কবিতা, নাটক, উপন্যাস, ছোটগল্প, প্রবন্ধ-গবেষণা, শিশুসাহিত্য ইত্যাদি মিলিয়ে মুহম্মদ শফির প্রকাশিত গ্রন্থ প্রায় একশত। তিনি বেশকিছু পাঠ্যপুস্তক ও সম্পাদনা করেছেন। বাংলাদেশের জাতীয় শিক্ষাক্রম মাধ্যমিক স্তরসহ বিশ্ববিদ্যালয়েও তার নাটক পাঠ্য তালিকাভুক্ত করা হয়েছে। মুহম্মদ শফি তার অবদানের জন্য এ যাবৎ সম্মাননা পেয়েছেন দেশের বাইরে চীন, জাপান, আমেরিকা, ব্রিটেন ও ভারত থেকে। দেশেও পুরস্কার ও সন্মাননা পেয়েছেন প্রায় অর্ধশত। পেয়েছেন বঙ্গশ্রী, কাব্যাচার্য, নাট্যভূষণ ও ইন্টারন্যাশনাল অর্ডার অব মেরিট (লন্ডন) খেতাব। তিনি বাংলা একাডেমির অজীবন সদস্য। মুহম্মদ শফি সুদীর্ঘকাল ঢাকার ঐতিহ্যবাহী মতিঝিল মডেল হাইস্কুল অ্যান্ড কলেজে বাংলা বিভাগে শিক্ষকতার পাশাপাশি গ্রন্থাগার পরিচালকের দায়িত্ব পালন শেষে বর্তমানে ভবানীপুরের বাড়িতে অবসর জীবন যাপন করছেন। তিনি কেশবপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য।