নিজস্ব প্রতিবেদক
যশোরের কেশবপুর উপজেলায় খ্রিস্টান সম্প্রদায়ের রাজেরুং ত্রিপুরা (১৫) নামে এক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সে কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিলো। রাজেরুং ত্রিপুরা বান্দরবান জেলার থানচি উপজেলার কালুপাড়া গ্রামের রমেশ ত্রিপুরার মেয়ে। কেশবপুর শহরের সাহাপাড়ার খ্রিস্টান মিশনে থেকে সে পড়ালেখা করতো। পুলিশ শুক্রবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মৃত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে। শনিবার মরদেহের ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠানো হয়।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে খ্রিস্টান সম্প্রদায়ের এক স্কুলছাত্রীর মরদেহ উপজেলা হাসপাতাল থেকে উদ্ধার করা হয়। পরবর্তীতে খ্রিস্টান মিশনে গেলে কর্তৃপক্ষ জানায়, শুক্রবার রাতে রাজেরুং ত্রিপুরা তার শয়নকক্ষের জানালার গ্রিলের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। তবে কী কারণে সে আত্মহত্যা করেছে সেটি তারা বলেনি। এটি হত্যা না আত্মহত্যা এখনই কিছু বলা যাচ্ছে না। তবে থানায় এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশের ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে বিষয়টি উদঘাটন হবে।
