কেশবপুর (যশোর) প্রতিনিধি
পাওনা টাকা চাওয়ায় কেশবপুরের সাতবাড়িয়া ইউনিয়নের নিমতলা বাজারে আব্দুল হান্নান গাজীর রড সিমেন্টের দোকান হান্নান ট্রেডার্স ভাংচুর ও লুটপাট করেছে একদল দুর্বৃত্ত। এ ঘটনায় যশোর আদালতে মামলা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, সাতবাড়িয়া ইউনিয়নের নিমতলা বাজারের হান্নান ট্রেডার্স থেকে জাহানপুর গ্রামের রাজ আলী ও আব্দুল আজিজ গত ৭ মে ৬৬ হাজার টাকার মালামাল বাকি নেয়। বিভিন্ন কিস্তিতে টাকা দিলেও একপর্যায়ে বকেয়া ২২ হাজার টাকা দিতে তালবাহানা করে। গত মঙ্গলবার রাজ আলী ও আব্দুল আজিজ দোকানের সামনে আসলে পাওনা টাকা চাইতে গেলে তাদের সাথে দোকান মালিক হান্নান গাজীর কথা কাটাকাটি হয়। এতে ক্ষিপ্ত হয়ে রাজ আলী ও আব্দুল আজিজরে নেতৃত্বে রবিউল ইসলাম, শহিদুল ইসলামসহ ৪০/৫০ জন দোকানে ঢুকে হান্নান গাজীকে মারপিট করে ক্যাশ বাক্স থেকে ২ লাখ ৭৯ হাজার টাকা জোরপূর্বক লুট করে নেয়। হামলাকারীরা দোকানের আসবাবপত্র ও মালামাল ভাংচুর করে ৩ লক্ষাধিক টাকার ক্ষতি করে এবং এক মাসের মধ্যে আরো ৫০ হাজার টাকা চাঁদা দিতে বলে। চাঁদা না দিলে খুন জখমের হুমকি দিয়ে হামলাকারীরা চলে যায়। বিষয়টি স্থানীয় পুলিশ ক্যাম্পে অভিযোগ করলে ক্যাম্প ইনচার্জ আদালতে মামলা করার পরামর্শ দেন। যে কারণে তিনি বুধবার যশোর আদালতে এ বিষয়ে একটি মামলা আবেদন করেছেন।
