কেশবপুর (যশোর) প্রতিনিধি
কেশবপুরের সাগরদাঁড়ি ইউনিয়নের ফতেপুর গ্রামে পাওনা টাকা চাইতে গেলে টাকা না দিয়ে সন্ত্রাসী ভাড়া করে পাওনাদারকে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কেশবপুর থানায় শনিবার লিখিত অভিযোগ করা হয়েছে।
উপজেলা ফতেপুর গ্রামের ব্যবসায়ী রেজাউল গাজীর কাছ থেকে ৪ মাস আগে একই গ্রামের রুস্তম আলী গাজী ৩২ হাজার টাকার মালামাল কেনেন। দীর্ঘদিন অতিবাহিত হলেও পাওনা টাকা না দিয়ে রুস্তম আলী তালবাহানা করতে থাকে। শনিবার পাওনা টাকা চাইতে গেলে উভয়ের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এতে ক্ষিপ্ত হয়ে ওই দিন বিকেলে রোস্তম আলীর নেতৃত্বে জাহিদ হাসানসহ একদল ভাড়াটে সন্ত্রাসী রেজাউল ইসলাম গাজীর বাড়িতে হামলা চালিয়ে বসতবাড়ি ভাংচুর, মারপিট ও লুটপাট করে। সন্ত্রাসীদের হামলায় রেজাউল ইসলাম গাজী ও তার ভাই শাহিনুর গাজী গুরুতর আহত হন। হামলাকারীরা শাহিনুর গাজীর দোকানের মালামাল ও ক্যাশবাক্সে থাকা ১ লাখ ১১ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এলাকাবাসী খবর পেয়ে আহত দুই ভাইকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ মফিজুর রহমান বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
