কেশবপুর(যশোর) প্রতিনিধি: কেশবপুরের সাগরদাঁড়ি ইউনিয়নের কপোতাক্ষ তীরবর্তী কোমরপোল গ্রামে প্রতিহিংসার বশবর্তী হয়ে এক কৃষকের পানের বরজে দুর্বৃত্তরা আগুন দিয়ে ৮ লক্ষাধিক টাকার পান ও বরজ পুড়িয়ে নষ্ট করে দিয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ বরজ মালিক উজ্জল হরি থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
কোমরপোল গ্রমের উদয় হরির ছেলে উজ্জল হরি ১ বিঘা জমিতে পানের বরজ করে পরিচর্যা করে আসছেন। পান ওঠা পর্যন্ত তিনি ৩ লক্ষাধিক লাখ টাকা খরচ করেছেন। ওই বরজের পান বিক্রি করে চলে তার সংসার। রোববার সকালে পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা তার পানের বরজে আগুন ধরিয়ে দেয়। এ সময় আগুন দেখে এলাকার অর্ধশত লোক প্রায় ঘণ্টা ব্যাপী চেষ্টা চালিয়ে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ওই বরজ মালিক ৮ লক্ষধিক টাকার ক্ষতির সম্মুখীন হন।
বরজ মালিক উজ্জল হরি জানান, গত ৫ জানুয়ারি সদ্য সমাপ্ত হওয়া পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে এ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্তোর সাথে থাকায় প্রতিপক্ষ অন্য চেয়ারম্যান প্রার্থী শাহাদাৎ হোসেনের কর্মী সমর্থকরা আমাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ করতেই এ ঘটনা ঘটিয়েছে।
কেশবপুর অফিসার ইনচার্জ বোরহান উদ্দীন বলেন, পানের বরজে আগুন লাগানোর ঘটনায় অভিযোগ হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা নেয়া হবে।