কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুরে সড়ক দুর্ঘটনায় একজন স্বর্ণ শিল্পীর মৃত্যু এবং ২ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে কেশবপুর-সাতবাড়িয়া সড়কের আজাদের ইট ভাটা সংলগ্ন এলাকায়। নিহত স্বর্ণ শিল্পী প্রসেনজিৎ দে (১৮) সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌ তলা এলাকার প্রশান্ত দের ছেলে। আহত দুইজন হলেন, উপজেলার মির্জানগর গ্রামের উৎপল দত্ত (২৬) ও অপু পাল (১৯)। তারা সকলে কেশবপুর শহরের স্বর্ণপট্টিতে স্বর্ণ শিল্পীর কারিগর ছিলেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শহরের স্বর্ণপট্টিতে কাজ শেষ করে সোমবার রাত সাড়ে ১২টার দিকে তারা বৃষ্টির ভেতর মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে দোরমুটিয়া বাজারের পাশে দুর্ঘটনাস্থলে পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ৩ জনই সড়কের উপর ছিটকে পড়ে আহত হন। এর মধ্যে প্রসেনজিৎ দে মাথায় আঘাত পেয়ে রক্তাক্ত জখম হন এবং অন্যান্যরা শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রসেনজিৎ দেকে মৃত ঘোষণা করেন। অন্য দুজনকে জরুরি বিভাগ থেকে চিকিৎসা দেয়া হয়। এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মফিজুর রহমান বলেন, কোন অভিযোগ না থাকায় মঙ্গলবার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
