নিজস্ব প্রতিবেদক
যশোর সদরের নাটুয়াপাড়ার আব্দুল গফুর মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকালে বিদ্যালয় প্রাঙ্গনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গুণীজনের উপস্থিতিতে পুরস্কার বিতরণ উৎসবটি এক অন্যরকম আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয় বিদ্যালয় প্রাঙ্গণে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। তিনি বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ব্যর্থ বলে কোন মানুষ বা ব্যর্থ বলে কোন শব্দ নাই। তিনি বলেন, আমরা কাজ করি বা চেষ্টা করি কিন্তু সফল হতে পারি না। কিন্তু সেটার মধ্যে শেখার অনেক কিছু থাকে। জন্মের শুরু থেকে আমরা প্রতিনিয়ত সংগ্রাম করি। এমনকি মায়ের গর্ভেও সংগ্রাম করে টিকে থাকতে হয়। জন্মের পর আমাদের হাত-পা নাড়া ছাড়া কিছুই করতে পারি না। তখনো আমাদের টিকে থাকতে হয়েছে সংগ্রাম করে। তখন যদি সংগ্রাম করতে পারি। তাহলে এখন তো আমরা পরিপূর্ণ মানুষ। নিজেদের কাজ নিজে করতে পারি, ভালো-মন্দ চিন্তা করতে পারি তাহলে আমরা ব্যর্থ হব কেন।
তিনি আরও বলেন, ব্যক্তি জীবনে যদি শৃঙ্খলা না থাকে তাহলে একাডেমিক সার্টিফিকেটের কোন গুরুত্ব নাই। তাই সেই শিক্ষাটা অর্জন করতে হবে।
সেই সাথে তিনি বিদ্যালয়ের সুনাম অক্ষন্ন রাখার জন্য প্রতিষ্ঠাতা ডা. এমএম রশীদের আদর্শে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ডাক্তার এম এ রশীদ। তিনি বলেন, আমরা প্রচ- কষ্টের মধ্যে পড়াশোনা করেছি। চার-পাঁচ কিলোমিটার কাদার মধ্যে যেয়ে লেখাপড়া করেছি। তাই বলছি যদি তোমাদের লক্ষ্য স্থির থাকে বড় হওয়ার বা মানুষের মতো মানুষ হওয়ার তাহলে কোন কিছুই বাধা হয়ে দাঁড়ায় না। অর্থ-বিত্ত সব ব্যবস্থা হয়ে যায়। তাই ইচ্ছা শক্তিটা সব থেকে বেশি প্রয়োজনীয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. কাজী নাজিব হাসান, যশোর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার নাবিদ হোসেন, সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা গোলাম আজম ও জেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজুল হোসেন।
আমন্ত্রিত অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক নন্দ দুলাল রায় ও সাবেক প্রধান শিক্ষক আব্দুল মজিদ। কালীগঞ্জের সরকারি মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ ডক্টর মাহবুবুর রহমানের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইন্তাজুল ইসলাম।
ক্রীড়া প্রতিযোগিতার ২৮টি ইভেন্টে ৩৫৫জন প্রতিযোগি অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করেন।
