নিজস্ব প্রতিবেদক
জামায়াতে ইসলামী যশোর জেলার আমির নির্বাচিত হয়েছেন অধ্যাপক গোলাম রসুল। বৃহস্পতিবার ঢাকার মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে কর্মপরিষদের এক সভায় নবনির্বাচিত আমিরদের নাম ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান।
বক্তব্য রাখেন নায়েবে আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান ও ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার প্রমুখ। সভায় জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান ২০২৫-২০২৬ মেয়াদের জন্য নির্বাচিত জেলা ও মহানগর আমিরদের নাম ঘোষণা করেন। উল্লেখ, গত ১৯ অক্টোবর যশোর ঈদগাহ ময়দানে জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিন যশোর জেলার দু’হাজার ১৯৫ জন রুকন জেলা আমির নির্বাচনের জন্য ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটের ফলাফলে যশোর শহর সাংগঠনিক জেলার আমির অধ্যাপক গোলাম রসুল জেলা আমির হিসেবে নির্বাচিত হয়েছেন।
