১০ দিন পরে দেয়া হলো পুলিশে
নিজস্ব প্রতিবেদক
বিএনপির কর্মীদের দাবিকৃত ৫০ হাজার টাকা চাঁদা না দেয়ায় মণিরামপুরে মাহবুবুর রহমান নামে এক যুবলীগকর্মীর মোটরসাইকেল ছিনিয়ে নেয়াসহ তাকে পুলিশে দেয়া হয়েছে। শনিবার তাকে কোতোয়ালি থানার একটি নাশকতা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। মাহবুবুর রহমান মণিরামপুর উপজেলার হোগলাডাঙ্গা গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই আব্দুর রাজ্জাক জানিয়েছেন, গত ১৮ নভেম্বর বিকেলে সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান রাজু আহম্মেদের নেতৃত্বে যশোর-মণিরামপুর মহাসড়কের কানাইতলায় বর্তমান সরকারকে উৎখাতের উদ্দেশ্যে নাশকতামূলক কর্মকা- করে। এসময় স্থানীয় লোকজন ধাওয়া করে তিনজনকে আটক করে। এই ঘটনায় অ্যাডভোকেট আকরাম হোসেন বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। ১৪ ডিসেম্বর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার কুয়াদা বাজার এলাকা থেকে মাহবুবুর রহমানকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
মাহবুবুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন, মণিরামপুর উপজেলার কাজীর গ্রামের বিএনপিকর্মী আজাদ, খায়রুল ও মুরাদ তার বিরুদ্ধে বর্তমান সরকারের আমলে কোন মামলা হবে না বলে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। রাজি না হওয়ায় গত ৩ ডিসেম্বর রাত ৯টার দিকে হোগলাডাঙ্গা গ্রাম থেকে মাহবুবুর রহমানের ব্যবহৃত এফজেড মোটরসাইকেলটি ওই তিনজন ছিনিয়ে নেয়।
এরপরও তার তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিল। টাকা না দেয়ায় গত ১৩ ডিসেম্বর সন্ধ্যায় যশোরের ডিবি পুলিশ দিয়ে মাহবুবুর রহমানকে বাড়ি থেকে ওই তিনজনের উপস্থিতিতে গ্রেফতার করানো হয়। পরে রাতে তাকে কোতোয়ালি থানা পুলিশের কাছে সোপর্দ করে ডিবি পুলিশ। শনিবার একটি নাশকতা মামলায় আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করানো হয়। এরপরও চাঁদার ৫০ হাজার টাকার জন্য মাহবুবুর রহমানের স্ত্রীকে অব্যাহতভাবে হুমকি দিয়ে আসছিলো বলে জানা গেছে।
