নিজস্ব প্রতিবেদক
যশোরে একটি চোরাই ইজিবাইকসহ আমানুল্লাহ সাগর রনি নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল শুক্রবার সকালে কেশবপুর থেকে আটক করা হয়। গ্রেফতার রনি খুলনার ডুমুরিয়া উপজেলার মাগুরা ঘোনা গ্রামের গোলদার পাড়ার শাহাবুদ্দিন গোলদারের ছেলে।
ডিবি পুলিশ জানায়, যশোরের কোতোয়ালি মডেল থানাধীন কিসমত নওয়াপাড়ার আব্দুর হালিম (৫০) ১০টি ইজিবাইক ভাড়া দিয়ে জীবিকা নির্বাহ করে থাকেন। গত ১১ আগস্ট সকালে চালক নয়নের মাধ্যমে তার একটি ইজিবাইক গ্যারেজ থেকে বের হয়। ওইদিন সকাল সাড়ে ৮টার দিকে গ্যারেজের পাশে রাস্তা থেকে আমানুল্লাহ সাগর রনি নামে এক ব্যক্তি প্রতারণার মাধ্যমে ইজিবাইকটি নিয়ে যায়।
এরপরে এই ঘটনায় ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে কেশবপুর বাজার থেকে আটক করে রনিকে। এরপর রনির দেয়া তথ্যের ভিত্তিতে উপজেলার বেতিখোলা গ্রাম থেকে ওই ইজিবাইকটি উদ্ধার করা হয়। পরে রনি ইজিবাইকটি চুরি করে নিয়েছে বলে পুলিশের কাছে প্রাথমিকভাবে স্বীকার করেছেন। গতকালই তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ।
