চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছা উপজেলা প্রাণি সম্পদ অফিস দুর্নীতির আঁখড়ায় পরিণত হয়েছে। উপজেলার কর্মকর্তা প্রভাষ চন্দ্র গোস্বামীর বিরুদ্ধে উপজেলার একাধিক ব্যক্তি ও উপজেলা পরিষদের শীর্ষ এক জনপ্রতিনিধির চেয়ে অধিক গুরুতর অভিযোগ করেছেন।
চৌগাছা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহ্বায়ক দেবাশীষ মিশ্র জয় বলেন, উপজেলায় প্রাণি সম্পদের যে একটি অফিস আছে তাইতো জনগণ জানেই না। এ অফিসের কোনো হিসাব এমনকি কোনো তথ্যই আমরা জানিনে। সম্পূর্ণ নিজের মতো করে কাজ করেন এই কর্মকর্তা। দীর্ঘদিন একই উপজেলায় কর্মরত এই কর্মকর্তা কাউকেই তেমন গুরুত্ব দেননা। ওই অফিসে জাহাঙ্গীর নামে জামায়াতের এক ছেলে আছে। সেই মূলত প্রাণি সম্পদ কর্মকর্তা এবং সেই ওই প্রভাষ কুমার গোস্বামীকে পরিচালনা করে। এ পর্যন্ত উপজেলার বিভিন্ন প্রকল্পসহ ওই অফিসের বিভিন্ন পর্যায়ে যে সব নিয়োগ হয়েছে সে সকল পদে ওই জাহাঙ্গীরের মাধ্যমে অর্থ লেনদেনের মাধ্যমে তিনি নিয়োগ দিয়েছেন।
ওই কর্মকর্তার বিরুদ্ধে করোনাকালিন বিভিন্ন প্রণোদনার নয়ছয়ের অভিযোগে তুলে জয় বলেন, তিনি মোটেও ভাল কর্মকর্তা না।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সোহেল বলেন,একজন অদক্ষ কর্মকর্তা এই প্রভাষ চন্দ্র গোস্বামী।
খোদ উপজেলা চেয়ারম্যান ড.মোস্তানিছুর রহমানের কার্যালয়ে বসেই ফারুক নামে চৌগাছা পৌর এলাকায় একজন বাসিন্দা জানালেন, ওই অফিসে ঠিকমতো সাহায্য পাওয়া যায়না। প্রায় সময় তো তিনি অফিসেই থাকেন না।
উপজেলা প্রাণি সম্পাদ কর্মকর্তা প্রভাষ চন্দ্র গোস্বামী বলেন, আপনি আমার অফিসে আসেন সেখানে কথা বলবো।