নিজস্ব প্রতিবেদক: যশোরের চৌগাছা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীদের দক্ষতায় রক্ষা পেয়েছে চৌগাছা শহরের শতাধিক দোকান ও বসতবাড়ির সম্পদ।
সোমবার দুপুর আড়াইটার দিকে চৌগাছা শহরের প্রাণকেন্দ্রে চৌগাছা-যশোর সড়কের চৌগাছা বাজার ব্যবসায়ী সমিতি ভবনের পাশের একটি ভাড়াবাড়িতে সাংবাদিক শ্যামল দত্তের বাসার গ্যাস সিলিন্ডারে আগুন ধরলে বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।
তাৎক্ষণিক ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক আজিজুর রহমান চৌগাছা ফায়ার সার্ভিস স্টেশনে ফোন করলে এক মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান বলেন, দুপুর আড়াইটার দিকে সমিতির দ্বিতল ভবনের পাশের একটি ভবনে স্থানীয় সাংবাদিক শ্যামল দত্তের ভাড়ার বাসায় গ্যাস সিলিন্ডারে আগুন ধরে যায়। সংবাদ পেয়ে আমি চৌগাছা ফায়ার সার্ভিস স্টেশনে মোবাইল করি। তারা দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
চৌগাছা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ সাব অফিসার (সহকারী কর্মকর্তা) রবিউল ইসলাম বলেন, আমাদের আসতে দশ মিনিট দেরি হলেই গ্যাস সিলিন্ডারটি বাস্ট হয়ে যেতো। তখন দ্রুত আগুন নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে পড়তো। এতে বিপুল পরিমান ক্ষয়ক্ষতি হতে পারতো। তিনি বলেন, আগুন নিয়ন্ত্রনে নিতে এক ফায়ার সার্ভিস কর্মীর হাতের কিছুটা পুড়ে গেছে।