চৌগাছা (যশোর) প্রতিনিধি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন প্রকল্পের প্রকল্প পরিচালক এম ইদ্রিস সিদ্দিকী বলেছেন, পর্যায়ক্রমে চৌগাছার সব অসচ্ছল মুক্তিযোদ্ধাদের সরকারি বাড়ি তৈরি করে দেয়া হবে।
তিনি মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে প্রকল্পের অধীনে প্রথম পর্যায়ে বাড়ি প্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
তিনি বলেন, সরকার এই প্রকল্পের মাধ্যমে আগামী অক্টোবর মাসের মধ্যে প্রতি উপজেলায় ৪০ জন করে মোট ৩০ হাজার মুক্তিযোদ্ধাকে বাড়ি তৈরি করে দেবেন। যার প্রথম পর্যায়ে প্রতিটি উপজেলায় ১২টি করে বাড়ি তৈরি করে দেয়া হচ্ছে। প্রকল্পের জন্য প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিতে ৪ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। প্রথম পর্যায়ের বাড়িগুলি আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। আমি পকল্প পরিচালক হিসেবে কথা দিচ্ছি পর্যায়ক্রমে উপজেলার সকল অসচ্ছল মুক্তিযোদ্ধাকে এই বাড়ি করে দেয়া হবে। সুতরাং যারা বাড়ি পাচ্ছেন তাদের বিরুদ্ধে অভিযোগ কেউ অভিযোগ করে কোন হয়রানি করবেন না। বীরঙ্গনাদের সবার নাম ২য় পর্যায়ে অবশ্যই প্রস্তাব করতে হবে। তাদের নিজেদের জমি না থাকলে সরকার জমির ব্যবস্থা করে তাদের বাড়ি করে দেবে। প্রথম পর্যায়ে ঘর দেয়ার ক্ষেত্রে যুদ্ধাহতদের নামের বিষয় অস্পষ্ট থাকলেও এখন সেটা স্পষ্ট করা হয়েছে। তাঁরাও সরকারি এই বাড়ি পাবেন।
উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর চৌগাছার আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানার সভাপতিত্বে মতবিনিময় সভায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন সড়ক ও সেতু বিভাগের সাবেক প্রধান প্রকৌশলী আমিনুর রহমান। এছাড়া বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ, উপজেলা মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক জেষ্ঠ সহ-সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার প্রমুখ।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জেল হোসেন, সাবেক-সহ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মুনছুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, উপজেলা জনস্বাস্থ প্রকৌশলী ফেরদৌসী বেগম, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন প্রকল্পের যশোরসহ চার জেলার দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলী বিপুল রায়হানসহ প্রথম পর্যায়ের বাড়ি প্রাপ্ত ১২ মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।