আবদুল্লাহ আল মামুন, চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় আর এফ এলের কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে রাজু (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত রাজু চৌগাছা উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের নওদাপাড়া গ্রামের লালটু বিশ্বাসের ছেলে। তিনি দান বাক্স মোড়ে ঝাল মুড়ির ব্যবসা করত।
আজ সোমবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে চৌগাছা-মহেশপুর সড়কের গরুর হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজু সকালে বাইসাইকেল যোগে চৌগাছা বাজার থেকে নওদাপাড়ার বাড়ির দিকে ফিরছিলেন। এ সময় বাইসাইকেল আরোহী রাজু নিয়ন্ত্রণ হারিয়ে চৌগাছা উদ্দেশ্যে ছেড়ে আসা (ঢাকা মেট্রো উ-১২-১৭৩৮) আর এফ এলের কাভার্ড ভ্যানের পেছনে চাকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ কল্যাণকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাজুর লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেয়। লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে । এ ঘটনায় ঘাতক কাভার্ড ভ্যানটি আটক করে থানায় রাখা হয়েছে। তবে কাভার্ড ভ্যানের চালক পালিয়ে গেছে।