নিজস্ব প্রতিবেদক: যশোরের চৌগাছায় কায়েম আলী (৫৫) নামে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে চৌগাছার ফুলসারার সৈয়দপুর গ্রামের মাঠ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। তিনি যশোর সদর উপজেলার কাদিরপাড়া গ্রামের বাসিন্দা। তার ছেলে ডিএমপিতে কর্মরত রয়েছেন।
নিহতের ভাইপো মিকাইল হোসেন জানান, কায়েম আলী রাতে ভাড়ায় মোটরসাইকেল চালান। প্রতিদিনের ন্যায় সোমবার দিবাগত রাতেও ভাড়ায় চালিত বাজাজ সিটি ১০০ মোটরসাইকেল নিয়ে বের হন। রাতে ফোনে যোগাযোগ করা হলে ফোন বন্ধ পাওয়ায় খোঁজাখুজি করা হয়। সকালে সৈয়দপুর মাঠে কায়েমের গলাকাটা লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে থানায় খবর দিলে চৌগাছা থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।
চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ জানান, সকালে সৈয়দপুর মাঠ থেকে একটি গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কি কারণে ও কারা এ হত্যাকান্ড করেছে তা জানা যায়নি।