নতুন বিকল্প সড়ক উদ্বোধন, জলাবদ্ধতা নিরসন ও আইন-শৃঙ্খলা উন্নয়নে প্রতিশ্রুতি
নিজস্ব প্রতিবেদক
আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নিরাপত্তা জোরদারে যশোর শহরকে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার আওতায় আনার ঘোষণা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে শহরের গাড়ীখানা রোড থেকে এমএম আলী রোড (ব্যাগপট্টি) পর্যন্ত ড্রেনের উর্ধ্বমুখী সম্প্রসারণ ও আরসিসি সড়কের উদ্বোধন শেষে তিনি এ ঘোষণা দেন।
প্রতিমন্ত্রী বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরবাসী তাকে সমর্থন দিয়েছে। যশোরকে আধুনিক ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে ভবিষ্যতেও জনগণের সহযোগিতা পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
নতুন নির্মিত এই বিকল্প সড়কটি গাড়িখানা সড়ক হয়ে চিত্রা মোড় দিয়ে এমএম আলী সড়কে চলাচলের ভোগান্তি কমাবে। পাশাপাশি প্রধান সড়কের ওপর চাপ কমিয়ে পথচারী, সাইকেল ও মোটরসাইকেল চলাচল সহজ করবে।
প্রতিমন্ত্রী আরও জানান, শহরের জলাবদ্ধতা নিরসন তার অন্যতম নির্বাচনী অঙ্গীকার। ইতোমধ্যে কাজ চলমান রয়েছে এবং আগামী বর্ষা মৌসুমের আগেই তা শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এতে গত বর্ষায় ভোগান্তিতে পড়া মানুষের দুর্ভোগ অনেকাংশে কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সিসি ক্যামেরা স্থাপনের পরিকল্পনার কথাও তুলে ধরে তিনি বলেন, “পুরো যশোর শহরকে সিসি ক্যামেরার আওতায় এনে নিরাপত্তা নিশ্চিত করা হবে।”
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পৌর প্রশাসক রফিকুল হাসান, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাবেক সহ-সভাপতি গোলাম রেজা দুলু, যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্পাদক তানভীরুল ইসলাম সোহান, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ ,প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
