চুড়ামনকাটি (যশোর) প্রতিনিধি
নিজের জমিতে প্রাচীর দেয়ায় কাল হলো যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামের নিরীহ শাহা আলম তরফদারের। প্রভাবশালী শহিদুল ইসলাম নামের এক ব্যক্তি তার নামে করেছেন ৫ শ ট্রাক মাটি চুরির মামলা। আদালত মামলাটির সঠিক তদন্ত করে যশোর পিবিআইকে রিপোর্ট দেয়ার জন্য নির্দেশ দিয়েছেন। শহিদুল ইসলাম জমিটি অবৈধভাবে দখল নিতে না পেরে জমির মালিকের নামে মামলা করেছেন বলে বুধবার চুড়ামনকাটি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন এবং সুষ্ঠু তদন্তের দাবি করেন শাহ আলম তরফদার।
লিখিত অভিযোগে শাহ আলম বলেন, চুড়ামনকাটি ইউনিয়নের ১৫নং বাগডাঙ্গা মৌজায় তার জমির পাশে অবস্থিত সহিদুল ব্রিকসের সত্ত্বাধিকারী সহিদুল ইসলাম তার ভাটায় ব্যবহৃত মাটি ফেলে রাখে। এতে নিষেধ করলে ওই জমি আমার না বলে বিভিন্ন সময় হুমকি দেন। এছাড়াও উক্ত জমি শহিদুল ইসলাম নিজের দাবি করে ১৪৪ ধারা জারি করলে আদালতের নির্দেশ পুলিশ তদন্ত করে আমার পক্ষে প্রতিবেদন দেয়ার পর স্থানীয়দের সহায়তায় মাটি সরিয়ে পাচিল দেয়া হয়। এ ঘটনায় ভাটা মালিক ৫০০ ট্রাক মাটি চুরির অভিযোগ এনে আদালতে মামলা করেন। যেখানে আমাকে ও আমার ছেলেসহ স্থানীয় আক্তার হোসেনকে আসামি করা হয়। সাংবাদিক সম্মেলনে তিনি দাবি করেন প্রভাবশালী শহিদুল ইসলাম আমার জমিটি অবৈধভাবে দখল নিতে না পেরে আমার নামে এই মামলা করেছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শাহ আলমের পক্ষে মামলার অপর আসামি আক্তারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, শাহ আলম, ইউপি সদস্য তহিদুল ইসলাম, বিএম ফিরোজ হোসেন, ব্যবসায়ী আব্দার রহমান, আসাদুজ্জামান বিষু, মিজানুর রহমান, মামুন তরফদার প্রমুখ।
