কল্যাণ ডেস্ক
সিলেট নগরে নির্মাণাধীন ভবনের গর্তে জমে থাকা বৃষ্টির পানি সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৮টায় নগরের সবুজবাগ এলাকার ভবনটিতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন সিলেটের জকিগঞ্জ উপজেলার বিয়াবাইল গ্রামের জাহিদ হোসেন (২৭) ও বিয়ানীবাজার উপজেলার গোলঘাটের সাদিক আহমদ (২৫)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সবুজবাগ আবাসিক এলাকার ১নং রোডের ৭/বি নং বাসায় নির্মাণকাজ চলছে। সকালে ওই ভবনে কাজ করতে গিয়ে এ দুই নির্মাণ শ্রমিক প্রাণ হারান।
ভবন নির্মাণকাজের তদারকির দায়িত্বে থাকা আব্দুস শুকুর জানান, ভবনের বেইসমেন্টের কাজ চলছে। সেখানে ঢালাইয়ের জন্য গর্ত খুঁড়ে রাখা হয়েছে। বৃষ্টিতে গর্তে পানি জমে যায়। আজ সকালে এ দুই শ্রমিক পানি নিষ্কাশনে পাম্প ব্যবহারের চেষ্টা করেন। পানিতে পাম্প রেখে বিদ্যুতের সুইচ দেয়ার সঙ্গে সঙ্গে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন। তখন অন্য শ্রমিকরা তাদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিলেট মহানগর পুলিশের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, ‘সবুজবাগের ওই ভবনে পাম্প ব্যবহার করে পানি নিষ্কাশনের চেষ্টাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিক মারা গেছেন। বৈদ্যুতিক লাইনে সম্ভবত লিক ছিল, ফলে এ ঘটনা ঘটেছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
আরও পড়ুন: ভারী বর্ষণ আরও দু’দিন
