নিজস্ব প্রতিবেদক
গতকাল ‘শহীদ বুদ্ধিজীবী দিবসে’ যশোরে যথাযথ মর্যাদায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ ও শ্রদ্ধা জানানো হয়েছে। দিবসটিতে জেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে বধ্যভূমিতে ফুলেল শ্রদ্ধা ও বিভিন্ন স্থানে আলোচনা সভার আয়োজন করা হয়।
শনিবার সকালে শহরতলীর শংকরপুর এলাকার বধ্যভূমিতে জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম এবং পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার জিয়াউদ্দিন আহমেদ শ্রদ্ধা নিবেদন করেন। এরপর শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান, যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসান। অন্যদিকে বিএনপির কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত নেতাকর্মীদের সাথে নিয়ে বধ্যভূমিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য সচিব অ্যাডভোকেট সাবেরুল হক সাবু, গোলাম রেজা দুলু, সাবেক মেয়র মারুফুল ইসলামসহ দলের শীর্ষ নেতৃবৃন্দ।
এছাড়াও সদর উপজেলা ও নগর বিএনপি, জেলা যুবদল, মহিলা দল, ছাত্রদল, বাংলাদেশ কমিউনিস্ট লীগ, মুক্তযোদ্ধা সংসদ, যশোরের সাংস্কৃতিক সংগঠনসমূহ, প্রেসক্লাব যশোর, যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে), সাংবাদিক ইউনিয়ন যশোর, দৈনিক স্পন্দন পরিবার, দৈনিক লোকসমাজ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর, প্রথম আলো বন্ধুসভা, পূজা উদযাপন পরিষদসহ প্রায় অর্ধশত সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়।
সকাল দশটায় জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যশোর কালেক্টরেট ভবনের সম্মেলন কক্ষ ‘অমিত্রাক্ষরে’ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। বক্তব্য রাখেন পুলিশ সুপার জিয়াউদ্দিন আহমেদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এএইচএম মুযহারুল ইসলাম মন্টু, বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহ্বায়ক রাশেদ খান প্রমুখ। স্থানীয় সরকারের উপপরিচালক ও পৌর প্রশাসক রফিকুল হাসানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে, যশোরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এম এম কলেজে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক আখতার হোসেন। অনুষ্ঠানের আহ্বায়ক প্রফেসর আব্দুল কাদের’র সভাপতি বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক মুকুল হায়দার।
সরকারি সিটি কলেজে আলোচনা সভায় অধ্যক্ষ প্রফেসর দেলোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, সহযোগী অধ্যাপক মাহমুদুর রহমান, সহযোগী অধ্যাপক মাহমুদ উল্লাহ, সহকারী অধ্যাপক নাজমুস সাকিব, ছাত্র নেতা সোহানুর রহমান ও শাওন ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক মনিরুজ্জামান।
যশোর সরকারি মহিলা কলেজে আলোচনা সভায় অধ্যক্ষ প্রফেসর নাজমুল হাসান ফারুকের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর আলাউদ্দিন, শিক্ষক পরিষদের সম্পাদক রফিকুল ইসলাম ও অনুষ্ঠানের আহ্বায়ক মাহবুবা আক্তার ছন্দা।
শিক্ষা বোর্ড মডেল স্কুল এন্ড কলেজে আলোচনা সভায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রভাষক কল্যাণ সরকার, মতিয়ার রহমান ও আবু সাঈদ।
