নিজস্ব প্রতিবেদক
জাতীয় খো খো চ্যাম্পিয়নশীপের ফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক যশোরের নারী দল। তবে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে যশোরের পুরুষ দল। বৃহস্পতিবার শামস্-উল-হুদা স্টেডিয়ামে পুরুষ বিভাগের প্রথম সেমিফাইনালে স্বাগতিক যশোর কোন প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি বাংলাদেশ আনসার ও ভিডিপির সাথে। ২৬-৭ পয়েন্টে হেরে বিদায় নিতে হয়েছে সর্বশেষ আসরের রানার্সআপ যশোরের।
পুরুষ বিভাগের অপর সেমিফাইনালে জয় পেয়েছে বান্দরবন জেলা। তারা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ১০-৮ পয়েন্ট ব্যবধানে হারিয়েছে নাটোর জেলাকে। এ পয়েন্টের পার্থক্যই বলে দেয় খেলায় সব দিক দিয়েই শক্তিশালী সার্ভিসেস দলটি। বাংলাদেশ আনসার ও ভিডিপি এবং বান্দরবন জেলা আজ বিকেল পাঁচটায় শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে।
এদিকে নারী বিভাগ থেকে স্বাগতিক যশোরের সাথে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ আনসার ও ভিডিপি। লিগ পদ্ধতির খেলায় উভয় দলই হারিয়েছে ঠাকুরগাঁও জেলাকে।
প্রথম ম্যাচে স্বাগতিক যশোরের নারীরা জয় পায় ১৪-৯ পয়েন্টে। সর্বশেষ আসরে যশোরের মেয়েরা রানার্স আপ ছিল। বাংলাদেশ আনসার ও ভিডিপি জয় পায় ১১-৩ পয়েন্টে। যশোর ও বাংলাদেশ আনসারের ফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ায় দল দুটি দ্বিতীয় রাউন্ডের ম্যাচটি হওয়ার কোন প্রয়োজন পড়েনি। আজ বিকেল চারটায় মহিলা বিভাগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
পুরুষ ও মহিলা বিভাগের ফাইনাল ম্যাচের আগে পুরুষ বিভাগের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে বিকেল তিনটায়। এ ম্যাচে অংশ নেবে স্বাগতিক যশোর ও নাটোর জেলা।
