অভয়নগর প্রতিনিধি
যশোরের অভয়নগরে খাবারে বিষ মিশিয়ে মকবুল হোসেন নামে এক স্কুলশিক্ষকের গাভি হত্যার অভিযোগ পাওয়া গেছে। এছাড়া বিষ মিশ্রিত খাবার খেয়ে আরো তিনটি গরু অসুস্থ হয়ে পড়েছে। শনিবার (৪ মে) দিবাগত রাতে ভবানিপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার (৬ মে) মকবুল হোসেন তার সাবেক জামাতাকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দায়ের করেছেন।
মকবুল হোসেন জানান, তার গোয়ালে দুটি গাভি ও দুইটি বাছুর রয়েছে। শনিবার দিবাগত গভীর রাতে তার সাবেক জামাই ও তার দুজন সহযোগী গরুগুলোকে বিষ মেশানো খাবার খাওয়ায়। খাবার খেয়ে তার চারটি গরু অসুস্থ হয়ে পড়ে। রোববার (৫ মে) সকালে তিনি গোয়ালে গিয়ে দেখতে পান দুধের গাভিটির মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। চিকিৎসা দেওয়ার আগেই গাভিটি মারা যায়। পরে তিনি গরুর খাবারের পাত্রে বিষ মিশ্রিত পোল্ট্রির ফিড দেখতে পেয়ে বিষয়টি নিশ্চিত হন। অসুস্থ অপর তিনটি গরু চিকিৎসা দেওয়ার পর সুস্থ হয়েছে। তবে মৃত গাভির বাচ্চাটি ঠিকমতো খাবার খাচ্ছে না।
তিনি আরো জানান, কয়েক মাস আগে তার মেয়ে কলেজে পড়তে গিয়ে স্থানীয় নড়াইল সদর উপজেলার রুখালী গ্রামের হামিদ শেখের ছেলে রুবেল শেখের (৩০) সঙ্গে পরিবারের অসম্মতিতে বিয়ে হয়। বিয়ের কিছু দিন পরেই মেয়ের সাথে খারাপ আচরণ করতে থাকে। একপর্যায়ে তার মেয়ে জামাইকে আইনের মাধ্যমে তালাক দিয়ে পিতার বাড়িতে অবস্থান করতে থাকে। এতে ক্ষিপ্ত হয়ে রুবেল শেখ এ ঘটনা ঘটিয়েছে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিকুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
