নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা
ঝিকরগাছায় বিদ্যালয়, হোটেল ও বসতবাড়ির কয়েকটি নলকূপে বিষ প্রয়োগ করা হয়েছে। শুক্রবার গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা উপজেলার বোধখানা গ্রামে এ ঘটনা ঘটায়। ঘটনার পর গ্রামবাসীর মাঝে আতংক ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, বোধখানা মাধ্যমিক বিদ্যালয়ের নলকূপ, মনিরুজ্জামানের হোটেলের পানির ট্যাংকিতে, আরিফুল ইসলামের মুদি দোকান সংলগ্ন নলকূপ, ইমামুল হকের চায়ের দোকানের হাড়ি, চায়ের কেটলি ও বাড়ির নলকূপে, প্রবাসী মিজানুর মোল্লার বাড়ির ছাদে পানির ট্যাংকিতে বিষ প্রয়োগ করা হয়। বিষ মেশানো পানি খেয়ে প্রবাসী মিজানুর রহমানের ১৪ মাস বয়সী শিশু কন্যা মুনিয়া খাতুন অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে চিকিৎসা দেয়া হয়। এছাড়া একই রাতে এস এম সাঈদের মুদি দোকানের তালা ভেঙ্গে নগদ টাকা ও দোকানের মালামাল চুরি করা হয়।
সরেজমিনে কথা হয়, চা দোকানি ইমামুল হকের স্ত্রী সাবানা বেগমের সাথে। তিনি বলেন, সাহরির সময় নলকূপে খাবার পানি নিতে গিয়ে বিষের গন্ধ পাই। এসময় বাড়িতে জানাই। তখন পরিবারের লোকজন পানিতে বিষ মেশানো হয়েছে বলে নিশ্চিত হয়।
বিষ মেশানো পানি খেয়ে অসুস্থ মুনিয়ার মা সাবিনা বেগম বলেন, পানিতে বিষ মেশানো হয়েছে তা তিনি বুঝতে না পারেননি। সে পানি পান করে মেয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে গ্রামের মসজিদের মাইকের প্রচার করা হয় দুর্বৃত্তরা তাদেরসহ গ্রামের বিভিন্ন নলকূপ ও পানির ট্যাংকিতে বিষ প্রয়োগ করেছে।
এদিকে পবিত্র রমজান মাসে খাবার পানিতে বিষ মেশানোর ঘটনায় এলাকাবাসীর মাঝে তীব্র আতংকের সৃষ্টি হয়েছে। বিষ মেশানো নলকূপ গুলোতে গ্রামবাসীর পক্ষ থেকে লালকাপড় বেঁধে দেয়া হয়েছে। ঝিকরগাছা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন ভুঁইয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হবে।
